সরকারের নীতিনির্ধারণী মহলে উৎকণ্ঠা
কঠিন সময় পার করছে সরকার। ক্ষমতার চার বছরের মাথায় হঠাৎ করেই সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে। যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া শেষ পর্যায়ে এলেও জামায়াত-শিবিরকে সামাল দিতে সরকার হিমশিম খাচ্ছে। সুযোগ বুঝে বিএনপি আন্দোলনমুখী হওয়ায় সরকারের সীমাবদ্ধতা ও সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠছে। তাই যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা এবং পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি নিয়ে সরকারের নীতিনির্ধারণী মহলে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।যুদ্ধাপরাধীদের বিচার ও পদ্মা সেতু নির্মাণ আওয়ামী লীগের অন্যতম প্রধান দুটি নির্বাচনী প্রতিশ্রুতি। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ থাকায় পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। তাই বর্তমান সরকার এই সেতুর কাজ আদৌ শুরু করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।অন্যদিকে বেলজিয়াম-প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে স্কাইপের মাধ্যমে কথোপকথন ফাঁস হওয়ার দায় নিয়ে বিচারপতি নিজামুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। সরকার চলতি মাসের শেষ দিকে রায়ের আশা করলেও স্কাইপ কেলেঙ্কারির ঘটনায় যথাসময়ে এ রায় হবে কি না, তা নিয়ে সরকারের ভেতর থেকেই সংশয় প্রকাশ করা হচ্ছে।এ ছাড়া বিএনপির অবরোধ-হরতাল, ছাত্রলীগের কর্মীদের হাতে বিশ্বজিৎ দাসের মর্মান্তিক মৃত্যুর ঘটনাসহ সামগ্রিক পরিস্থিতিতে সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে। প্রকাশ্যে বলতে না চাইলেও সরকারের নীতিনির্ধারকেরা বর্তমান প্রতিকূল পরিস্থিতির কথা অস্বীকার করছেন না। যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া গুছিয়ে আনা এবং বিরোধী দলের সম্ভাব্য আন্দোলন মোকাবিলা নিয়েও সরকার যথেষ্ট ভাবনায় আছে।একজন নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, এটা ঠিক, এখন খারাপ সময় যাচ্ছে। তবে মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিডিআর বিদ্রোহের মতো বড় ঘটনাও সামাল দিয়েছে। এ পরিস্থিতিরও উত্তরণ ঘটবে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের আরেকজন নীতিনির্ধারক বলেন, পদ্মা সেতু নিয়ে সরকার সময়মতো পদক্ষেপ নিতে না পারায় সংকট দেখা দিয়েছে। তবে এটাও ঠিক, পদ্মা সেতু নিয়ে বিভিন্ন মহলের ষড়যন্ত্র আছে। একইভাবে যুদ্ধাপরাধের বিচার নিয়েও দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। এই বিচারের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে জামায়াতে ইসলামীকে প্রচ্ছন্ন সহায়তা দিচ্ছে বিএনপি।কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী জানান, জামায়াত-শিবিরের সহিংসতা ও বিরোধী দলের আন্দোলনের চেয়েও সরকার বেশি চিন্তিত নিজেদের ভুল পদক্ষেপ নিয়ে। ছাত্রলীগের কর্মীদের হাতে নিরীহ যুবক বিশ্বজিতের মৃত্যু সরকারকে পেছনে ঠেলে দিয়েছে। সরকারের চার বছর পূর্তির প্রাক্কালে এ ঘটনা অনেক সাফল্যকে ম্লান করে দিতে পারে।সরকারি দলের সূত্র জানায়, সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা এবং যুদ্ধাপরাধের বিচারের রায় হলে যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তা সামাল দেওয়ার উপায় নিয়ে সরকারের মধ্যে আলাপ-আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার রাতে গণভবনে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।ওই সূত্র জানায়, সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। মহাজোট ছাড়াও সিপিবিসহ মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন। অর্থাৎ রায়-পরবর্তী পরিস্থিতি রাজনৈতিকভাবে সরকার মোকাবিলা করতে চায়। এ জন্য আওয়ামী লীগ দলীয়ভাবে সভা-সমাবেশ অব্যাহত রাখবে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।এ সম্পর্কে একজন জ্যেষ্ঠ মন্ত্রী মন্তব্য করেন, ‘ঘোড়া কিনলে চাবুক কেনার সামর্থ্য থাকতে হয়। আমরা ঘোড়া কিনেছি। চাবুক কেনার ক্ষমতাও আছে।’বর্তমান পরিস্থিতিতে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে কি না, জানতে চাইলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, যত ষড়যন্ত্রই হোক, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। সরকার রাজনৈতিকভাবেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করবে।