সরকারের পতনের সাইরেন বেজে উঠেছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুই নেত্রীর সংলাপের বিষয়ে উচ্চ আদালত কতটুকু ভূমিকা রাখতে পারে, তা আমাদের জানতে হবে।’আজ মঙ্গলবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এ কথা বলেন।এর আগে দুই নেত্রীর সংলাপে বসার বিষয়ে একটি রুল দেন উচ্চ আদালত। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আদালতের এই রুল আমাদের কাছে কতটা প্রযোজ্য, আমরা জানি না। আলোচনা বা সংলাপের ব্যাপারে হাইকোর্ট কতটুকু ভূমিকা রাখতে পারে, তা আমাদের জানতে হবে।’ লিখিত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুনির ভূমিকায় অবতীর্ণ হওয়ার মধ্য দিয়েই সরকারের পতনের সাইরেন বেজে উঠেছে। ১৮ দলের ডাকে চলমান ৩৬ ঘণ্টা হরতালের ১২ ঘণ্টা ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্বাধীনতার মাসে আনন্দ-উল্লাসের পরিবর্তে শুধু মৃত্যু সংবাদই শুনতে হচ্ছে। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ, র্যাব হত্যাকাণ্ড চালাচ্ছে। তাদের গুলিতে গৃহবধূরাও ঘরের মধ্যে গুলিতে নিহত হচ্ছেন। ফখরুল বলেন, ‘এত লাশ দেশ রাখবে কোথায়, তা আমাদের জানা নেই। হত্যা ও গুপ্তহত্যার ভয়াবহ প্রকোপে আতঙ্কিত সাধারণ জনগণ।’ ফখরুল দাবি করেন, দেশের স্বার্থবিরোধী ‘অপকর্ম’ নির্বিঘ্ন করার ক্ষেত্রে যাতে প্রতিবাদ, প্রতিরোধের সম্মুখীন হতে না হয়, সে জন্যই সরকার ‘পাইকারি’ হারে হত্যা চালাচ্ছে। সরকারকে তাদের সব কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।মির্জা ফখরুলের দাবি, বিরোধী জোটের ডাকা হরতাল জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। হরতালের প্রথম দিনে সারা দেশে অন্তত ৩৮২ জন নেতা-কর্মী গ্রেপ্তার ও ৫৭৮ জন আহত হয়েছেন। সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘দাবি পূরণে সরকার ব্যর্থ কিংবা গড়িমসি করলে আগামীতে একই দাবিগুলো সামনে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এর সব দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।’গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের মুক্তি, ‘গণহত্যার’ প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে আজ সকাল থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।