সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর পাশাপাশি ক্ষুদ্রঋণের অগ্রণী প্রতিষ্ঠানটির স্বচ্ছতা, কার্যকারিতা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র প্যাট্রিক ভ্যান্ট্রিল গতকাল রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানান। প্যাট্রিক ভ্যান্ট্রিল বলেন, গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরকার-নিযুক্ত চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক এ সিদ্ধান্তের ফলে মহিলা ঋণগ্রহীতার ওপর নির্ভরশীল এ ব্যাংকটি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের হতদরিদ্র নারীদের ভাগ্যবদলের ভূমিকা রাখা থেকে বঞ্চিত হবে।গ্রামীণ ব্যাংকের ভূমিকা ক্ষুণ্ন হয়, এমন কোনো পদক্ষেপ না নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মে মাসে ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে অনুরোধ করেন। বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক এ পদক্ষেপে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের হাতে গড়া প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ বিপন্ন হওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেন প্যাট্রিক ভ্যান্ট্রিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংকের স্বচ্ছতা, কার্যকারিতা ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের নতুন এমডি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানাই। এ ক্ষেত্রে একজন যোগ্য, প্রশ্নাতীতভাবে সৎ এবং গ্রামীণ ব্যাংকের সুরক্ষায়, বিশেষ করে এর অনবদ্য সুশাসন কাঠামো এবং বাংলাদেশের নারী-অধ্যুষিত ৮৩ লাখ মানুষের ভাগ্যোন্নয়নে যিনি অঙ্গীকারবদ্ধ—এমন ব্যক্তিকে যাতে এমডি নির্বাচিত করা হয়। উল্লেখ্য, ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ-২০১২’ গত ২ আগস্ট চূড়ান্তভাবে অনুমোদন করে মন্ত্রিসভা। এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরকার নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানো হয়েছে।