বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন। গতকাল শনিবার চীনের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গতকাল দুপুর পৌনে দুইটায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাঁচ দিনের সফরে তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন। খালেদা জিয়া বলেন, ‘এ সরকার হলো চরম স্বৈরাচারী। আজ সাংসদদের মানসম্মান বলে কিছু নেই। এমপিদের ধরা হচ্ছে, মারা হচ্ছে। এমপিদের ওপর টর্চার করে বাংলাদেশের ইমেজ এই সরকার নষ্ট করে দিয়েছে। এই সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকারের উচিত অবিলম্বে দায়িত্ব ছেড়ে দিয়ে দেশকে বিপদের হাত থেকে রক্ষা করা।’বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি হয়েছে। কারও জানমালের নিরাপত্তা নেই। তাই সরকারের উচিত অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। বিএনপির চেয়ারপারসনের সফরসঙ্গীদের মধ্যে আছেন, দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ব্যাংককে খালেদা জিয়ার যাত্রাবিরতির কথা রয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গেছে। শনিবার ব্যাংককে অবস্থান শেষে আজ রোববার সকালে তিনি চীনের উদ্দেশে রওনা দেবেন। বেইজিং সফরের সময় খালেদা জিয়া চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ছাড়াও সে দেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। তাঁর সফরসঙ্গীদের অন্যতম মাহবুবুর রহমান বলেন, বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আলোচনা হবে। এ ছাড়া ঢাকা ও বেইজিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এদিকে, খালেদা জিয়াকে বিমানবন্দরে বিদায় জানাতে আসা দলের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের ভিআইপি টার্মিনালে ঢুকতে বাধা দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিএনপিদলীয় সাংসদ এম কে আনোয়ার ও জমির উদ্দিন সরকারকে ঢুকতে না দেওয়ায় নিন্দা জানিয়েছে বিএনপির সংসদীয় দল। গতকাল সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ নিন্দা জানান। তিনি বলেন, ভিআইপি লাউঞ্জে ঢুকতে না দেওয়ার বিষয়টি তাঁরা স্পিকারকে জানাবেন। বিএনপির সাংসদদের বিমানবন্দরে ঢোকার ব্যবস্থা করতে গত ১৫ ডিসেম্বর স্পিকারকে চিঠি দেওয়া হয়েছিল বলে জানান জয়নুল আবদিন। স্পিকার ব্যবস্থা নিয়েছিলেন কি না, তা জানতে চাওয়া হবে।