দেশের ইউনিয়ন পরিষদগুলোর সীমানা পুনর্নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহবুবর রহমান ও মহাসচিব আতাহারুল ইসলামের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আগামী সাত দিনের মধ্যে স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি এ ব্যাপারে শুনানির দিন ধার্য করা হয়েছে।গত রোববার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ১৩ ধারার বিধান অনুযায়ী, সীমানা পুনর্নির্ধারণের নির্দেশনা-সংক্রান্ত এই রিট আবেদন দায়ের করা হয়। রিট আবেদনে বলা হয়, ইতিমধ্যে অনেক ইউনিয়ন পৌরসভায় পরিণত হওয়ায় জনসংখ্যার সুষম বণ্টনের জন্য আইন অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে।রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী এ এম আমিনউদ্দিন শুনানিতে অংশ নিয়ে বলেন, জনসংখ্যার ১০ শতাংশের কম-বেশি হেরফের না করে সীমানা পুনর্নির্ধারণে আইনি বাধ্যবাধকতা রয়েছে। উল্লেখ্য, সারা দেশে চার হাজার ৪৯৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সর্বশেষ ২০০৩ সালে ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারিত হয়েছিল।