বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকারের প্রশ্রয়ে যুবলীগ ও ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে। মনে হচ্ছে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে তারা প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের অংশ হিসেবে সানাউল্লাহ নূরুকে হত্যা করা হয়েছে।আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আজ শুক্রবার নাটোর বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূরুর মৃত্যুতে এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ সন্ত্রাসীদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল, নিয়োগ বাণিজ্য, দলীয়করণের কারণে রাজনীতি দুর্বৃত্তপীড়িত হয়েছে। তাদের এ অপকর্মের বিরুদ্ধে কেউ যেন সোচ্চার না হতে পারে সে জন্য তারা বিরোধী দলের নেতা-কর্মীকে হত্যা করা শুরু করেছে। তিনি বড়াইগ্রামের প্রতিবাদ সভায় আহত ব্যক্তিদের সুচিকিত্সা এবং হত্যাকারী, হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সরকার বিরোধী দলকে বিভিন্নভাবে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্রে নেমেছে এ হামলা তারাই বহিঃপ্রকাশ। তিনি বলেন, সরকার অবিলম্বে এ হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার না করলে বিএনপি কেন্দ্রীয়ভাবে এমন কর্মসূচি ঘোষণা করবে যার জন্য সরকার প্রস্তুত নয়।