সরকারের প্রস্তাবে কিছুটা সংশোধন করেছেন আপিল বিভাগ
অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সরকারের দেওয়া প্রস্তাবে কিছু সংশোধন করেছেন আপিল বিভাগ।আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ সংশোধন করে প্রস্তাব বাস্তবায়ন-সংক্রান্ত প্রতিবেদেন ১৫ এপ্রিল দাখিল করতে বলেছেন। একই সঙ্গে আদালত চার সচিবকে আদালতে হাজির হওয়া থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছেন। আদালত বলেছেন, পাঁচ বছর অতিক্রান্ত হলে জেলা জজ পদমর্যাদার ব্যক্তিদের সিলেকশন গ্রেড দিতে হবে। বিচারিক ভাতা যে নামেই হোক না কেন, তা ২০ শতাংশ থেকে উন্নীত করে ৩০ শতাংশ করতে বলা হয়েছে।জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করায় গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ, অর্থ, আইন ও জনপ্রশাসন সচিবের প্রতি আদালত অবমাননার রুল জারি করে তাঁদের আদালতে হাজির হতে বলেন আপিল বিভাগ। এ নির্দেশ অনুসারে আদালতে আজ সচিবেরা হাজির হন এবং নির্দেশনা বাস্তবায়নের একটি প্রস্তাব আদালতে দাখিল করেন। শুনানি নিয়ে আদালত প্রস্তাবে কিছুটা সংশোধন করে এ আদেশ দেন।আদালতে মূল আবেদনের পক্ষে আইনজীবী এম আমির উল ইসলাম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সচিবদের পক্ষে ছিলেন সৈয়দ আমিরুল ইসলাম।অ্যাটর্নি জেনারেল প্রথম আলো ডটকমকে বলেন, বেতন-ভাতা বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব আদালতে দাখিল করা হয়। ওই প্রস্তাব সংশোধন সাপেক্ষে গ্রহণ করেছেন আদালত। প্রস্তাবে জেলা জজদের ও সমপদমর্যাদার সংখ্যা ২২ উল্লেখ করা হয়। সংখ্যা বাদ দিয়ে তা সংশোধন করে আদালত বলেছেন, পাঁচ বছর অতিক্রান্ত হলে গ্রেড ওয়ানে উন্নীত হবেন। বিচারকেরা ৫০ শতাংশ ভাতা পেতেন। প্রস্তাবে ওই ভাতা ২০ শতাংশ করার কথা বলা হয়। আদালত এ ক্ষেত্রে ৩০ শতাংশ জুডিশিয়াল ভাতা উন্নীত করার কথা বলেছেন। ১৫ এপ্রিল এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জানা যায়, মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে বিচার বিভাগ ২০০৭ সালে যাত্রা শুরু করে। পরে কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে ওই পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এটা বাস্তবায়নে জন্য সরকারপক্ষকে সময় দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিত্সা, পোশাক-ভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও সুপারিশে উল্লেখ করা হয়।