সরকারের প্রস্তাবে সুপ্রিম কোর্টের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম হাইকোর্ট বিভাগের সার্কিট বেঞ্চ গঠনের বিষয়ে সরকারের প্রস্তাবে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সম্মতি দেননি। ১ ডিসেম্বর চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি দেয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি পত্রও সংযুক্তি হিসেবে দেওয়া হয়। ওই সংযুক্তি চিঠিতে বলা হয়, গত বছরের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনসংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধানের ১০০ অনুচ্ছেদ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো। গত ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্টের সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অভিমত দেন, সার্কিট বেঞ্চ গঠনের বিষয়ে সম্পূর্ণ সাংবিধানিক এখতিয়ার প্রধান বিচারপতির, এ বিষয়ে আইন মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ফুলকোর্টের অভিমত হচ্ছে, প্রধান বিচারপতি যদি প্রয়োজন মনে করেন, তাহলে হাইকোর্ট বিভাগের সার্কিট বেঞ্চ গঠন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। কোনো নির্বাহী বিভাগের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হলে এতে বিচার বিভাগের সার্বভৌমত্ব নষ্ট হবে। সার্কিট বেঞ্চ গঠনের বিষয়ে ফুলকোর্টে সরকারের প্রস্তাবকে নাকচ করা নিয়ে আইনবিদেরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক মনে করেন, ফুলকোর্টের এ সিদ্ধান্ত সঠিক হয়েছে। আইন অধিকারের সঙ্গে সাক্ষাৎকারে তাঁরা বলেন, সরকার সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা প্রধান বিচারপতির। প্রধান বিচারপতি যদি মনে করেন যে সার্কিট বেঞ্চ গঠনের প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাতে পারেন। এখানে সরকারের উদ্যোগ গ্রহণের এখতিয়ার নেই। সংবিধানের ১০০ অনুচ্ছেদের সঠিক ব্যাখ্যা করেই সরকারের এগোনো উচিত বলে মত দেন তাঁরা।ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের মত হচ্ছে, এখন তড়িঘড়ি করে সার্কিট বেঞ্চ গঠনের প্রক্রিয়া শুরু করলে অষ্টম সংশোধনী মামলার (আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ) প্রশ্ন নতুন করে দেখা দেবে। সুপ্রিম কোর্টের ভালো-মন্দ দেখার বিষয়ে কোনো সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকেই নিতে হবে। অষ্টম সংশোধনী মামলায় সংবিধানের ১০০ অনুচ্ছেদে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের বিধানকে মৌলিক কাঠামোর পরিপন্থী বলা হয়েছে। এখন সার্কিট বেঞ্চ গঠনের বিষয়েও সরকার সিদ্ধান্ত নিলে তাও সংবিধান-পরিপন্থী হতে পারে। কারণ ১০০ অনুচ্ছেদে প্রধান বিচারপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সার্কিট বেঞ্চ স্থাপনের।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনও মনে করেন, সার্কিট বেঞ্চের বিষয়টি প্রধান বিচারপতির এখতিয়ারভুক্ত। প্রধানমন্ত্রীর নির্দেশে হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠনের বিষয়টি সংবিধান-পরিপন্থী হবে। হঠাৎ করে কোনো আনুষঙ্গিক ব্যবস্থা না নিয়ে সার্কিট বেঞ্চ গঠন করলে এতে হিতে বিপরীত হবে বলেও তিনি মত দেন। এ বিষয়ে ধীর গতিতে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি মনে করেন। বার কাউন্সিলের সহসভাপতি আবদুল বাসেদ মজুমদারও মনে করেন, এভাবে দ্রুত সার্কিট বেঞ্চ গঠন করলে অষ্টম সংশোধনী মামলার রায়ের পরিপন্থী হবে। কোন জায়গায় সার্কিট বেঞ্চ হবে না-হবে, এ বিষয়ে সুপ্রিম কোর্টই সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, ফুলকোর্েটরও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আইনজীবীদের সঙ্গে বসা উচিত। এ বিষয়ে সংসদে আলোচনা করা উচিত। অধ্যাপক আসিফ নজরুল সার্কিট বেঞ্চ গঠনের বিষয়ে ভিন্নমত দিয়েছেন। তাঁর মতে, সার্কিট বেঞ্চ গঠন করা উচিত এবং এতে করে বিচারের ক্ষেত্রকে সাধারণের দোরগোড়ায় নিয়ে যাওয়া যাবে। কেন সুপ্রিম কোর্ট এ প্রস্তাবকে নাকচ করেছেন, এর যথাযথ ব্যাখ্যা তাঁদের দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। যে পরিমাণ বিচারপ্রার্থী বছরের পর বছর ভোগান্তি আর হয়রানির শিকার হচ্ছে, এ থেকে পরিত্রাণের উপায় মিলবে সার্কিট বেঞ্চ হলে। আসিফ নজরুল মনে করেন, শুধু চট্টগ্রামে নয়, অন্যান্য এলাকায়ও একাধিক হাইকোর্টের সার্কিট বেঞ্চ গঠন করা উচিত।