রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৫ মে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযান সম্পর্কে দেওয়া সরকারের প্রেসনোট প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি দল। গতকাল শনিবার পৃথক বিবৃতি দিয়ে দলগুলো এই প্রত্যাখ্যানের কথা জানায়।এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেন, ‘আমরা যা চেয়েছি, তা পাইনি। যা পেয়েছি, তা জাতি চায়নি।’ তিনি দাবি করেন, সরকারের দেওয়া প্রেসনোটে নতুন কিছু ছিল না। এর আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা যেসব বক্তব্য দিয়েছেন, প্রেসনোটে সেসব বক্তব্যেরই প্রতিফলন হয়েছে।ঘটনার পাঁচ দিন পর গত শুক্রবার সরকার প্রেসনোট দেয়। তাতে বলা হয়, নৈরাজ্য প্রতিরোধ, গণতন্ত্র রক্ষা, আইনের শাসন সুরক্ষা ও গণনিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ওই অভিযান অনিবার্য ছিল। হাজার হাজার লোকের প্রাণহানির গুজব অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।হেফাজতে ইসলামের প্রেস সচিব মুনির আহমদের পাঠানো এক বিবৃতিতে ৫ মে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে সরকারি প্রেসনোটের বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করা হয়। তাতে বলা হয়, ওই রাতে শাপলা চত্বরে ঘুমন্ত আলেম-ওলামাদের ওপর যে বর্বরোচিত গণহত্যা চালানো হয়েছে, তা ধামাচাপা দিতে সরকার এই প্রেসনোট দিয়েছে। এতে নিহত ব্যক্তিদের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, তা হাস্যকর। আহত ব্যক্তিদের কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। অভিযানে কী পরিমাণ গুলি, টিয়ার শেল, রাবার বুলেট ব্যবহার করা হয়েছে, তারও কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি।বিবৃতিতে দাবি করা হয়, ৫ মে দুপুর থেকে রাত পর্যন্ত পল্টন, গুলিস্তান, বিজয়নগর এলাকাতেই ১৫ জনকে ‘শহীদ’ করা হয়। রাতের অভিযানের গণমাধ্যমে প্রকাশিত ছবি ও কিছু ভিডিওচিত্রে শাপলা চত্বর-সংলগ্ন সোনালী ব্যাংকের সিঁড়ি, বারান্দা ও কালভার্ট রোডে ২০টির বেশি লাশ দেখা গেছে। অভিযানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করা এবং বিভিন্ন ভবনে ও অলিগলিতে আশ্রয় নেওয়া লোকদের অভয় দিয়ে সরিয়ে দেওয়ার কথা সরকারের নির্জলা মিথ্যাচার।বিবৃতিতে দাবি করা হয়, যৌথ বাহিনীর গুলি খেয়ে ছটফট করে ঘটনাস্থলে অসংখ্য মানুষ মরে পড়ে থাকার ছবি ও অসংখ্য ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে রয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম ওই ঘটনার সঠিক খবর না দিলেও বিদেশি গণমাধ্যমগুলোতে ব্যাপক হতাহতের বিষয়টি এসেছে এবং আসছে।বিবৃতিতে বলা হয়, শত শত লোককে হত্যার পর প্রেসনোটে স্বজনদের কাছ থেকে আহাজারি আশা করা দুঃখজনক। এত বড় অভিযানের পর উল্টো আলেমদের বিরুদ্ধে ২০টির বেশি মামলা করে লাখ লাখ লোককে আসামি করা হয়। হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। এই পরিস্থিতিতে কে কোথায় আছে, কার লাশ কোথায় রাখা হয়েছে, এসব তথ্য পেতেও বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যেই অনেক স্থানে ‘শহীদদের’ দাফন করা হয়েছে। যাদের লাশ পাওয়া যাচ্ছে না, তাদের ব্যাপারে হেফাজতের পক্ষ থেকে পরিসংখ্যান তৈরি করা হচ্ছে।বিবৃতিতে বলা হয়, প্রেসনোটে বলা হয়েছে, সমাবেশের জন্য হেফাজত শাপলা চত্বরের অনুমতি চেয়েছে। কিন্তু তা সত্য নয়। লিখিতভাবে বায়তুল মোকাররমের উত্তর ফটকে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। ওইদিন সন্ধ্যায় হেফাজতের আমির শাহ আহমদ শফী শাপলা চত্বরে যেতে রওনা হন। কিন্তু সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশের গোলাগুলির কারণে তিনি ফিরে যান। ওই পরিস্থিতিতে সমাবেশ শেষ করলে ফেরার পথে রাতে নেতা-কর্মীরা হামলার শিকার হবেন, এ আশঙ্কায় ফজরের নামাজের পর আল্লামা শফীর দোয়ার মাধ্যমে সমাবেশ শেষ করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু সে সুযোগ দেওয়া হয়নি।প্রকাশিত খবরের প্রতিবাদ: গত শুক্রবার প্রথম আলোতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে ফোনে আল্লামা শফীর কথা হয়েছে মর্মে যে খবর প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। তাতে বলা হয়, এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আহমদ শফীর এ ধরনের কোনো কথা হয়নি।