সরকারের প্রেসনোট মিথ্যা: ফখরুল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কার্যালয়ে অভিযান নিয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া প্রেসনোটকে সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রেসনোটে মিথ্যাচার করা হয়েছে। আর প্রেসনোটে ২০০৪ সালের যে ঘটনা তুলে ধরা হয়েছে, তা অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন ফখরুল। সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনসহ আটক বিএনপির নেতাদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে পরিষদ।মির্জা ফখরুল দাবি করেন, বিএনপির কার্যালয়ে যেভাবে হামলা চালানো হয়েছে, অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। তিনি ওই দিনের বর্ণনা দিয়ে বলেন, তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন পুলিশের সামনে একটি বিস্ফোরণ ঘটে। তারপর পুলিশ আক্রমণ করে সভা পণ্ড করে দেয়। এর পর হরতালের সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেওয়া হয়।বিএনপির এই নেতা দাবি করেন, পুলিশ গুলি করতে করতে বিএনপির কার্যালয়ে প্রবেশ করে। পুলিশই বিএনপির কার্যালয়ে বোমা রেখেছে দাবি করে তিনি বলেন, যাঁরা রাজনীতিতে বিশ্বাস করেন, তাঁরা দলীয় কার্যালয়ে বোমা রাখতে পারেন না। দলীয় কার্যালয় থেকে বোমা উদ্ধারের বিষয়টিকে পুলিশের সাজানো নাটক বলে মন্তব্য করেন তিনি।মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশ এখন গভীর সংকটে। এ সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে বিভক্তির রাজনীতি শুরু করেছে। স্বাধীনতা এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে সুকৌশলে বিভেদ সৃষ্টি করছে। এই বিভক্তি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ার করেন তিনি।