সরকারের বক্তব্য জনগণ গ্রহণ করছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, র্যাবের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া কলেজছাত্র লিমনকে নিয়ে সরকার যা করছে, তার প্রয়োজন ছিল না। এটা খুবই অনভিপ্রেত। লিমনকে নিয়ে সরকার যা বলছে, জনগণ তা গ্রহণ করছে না।গতকাল শনিবার ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় অবস্থিত একটি কারখানা পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, ‘লিমনকে নিয়ে সরকার যে ধূম্রজাল আর আলোড়ন সৃষ্টি করেছে, তার প্রয়োজন ছিল না। সেদিন কী ঘটেছিল, তা সত্য করে বললেই হতো। দুর্ঘটনা ঘটতেই পারে। এটা পরিষ্কার করে শিগগিরই নিষ্পত্তি করা ভালো।’বিচারবহির্ভূত হত্যা সম্পর্কে জাতীয় পার্টির নেতা বলেন, ‘একজন দাগি আসামি বা সন্ত্রাসী কীভাবে মারা গেল, সেটা বড় কথা নয়। সে নেই, জনগণ শান্তিতে আছে—সেটাই বড় কথা।’তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিদদের কপালে কলঙ্কের তিলক। এটা যত শিগগির সম্ভব মুছে ফেলা যায়, তত ভালো। এরশাদ আরও বলেন, ‘আমার মনে হয়, সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না। সরকার মনে করে, এ বিষয়ে আদালত যে রায় দিয়েছেন তা-ই চূড়ান্ত। তাদের মতে, তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ও অসাংবিধানিক।’এরশাদ বলেন, ‘কোনো তত্ত্বাবধায়ক সরকারপ্রধানই আমাদের প্রতি সুবিচার করেননি। সাহাবুদ্দীন আহমদের কোনো এখতিয়ার ছিল না আমাকে জেলে পাঠানোর। যে বিশেষ ক্ষমতা আইন আমি বাতিল করেছিলাম, তিনি সেটা পুনরুজ্জীবিত করে শুধু আমাকে নয়, আমার পরিবার ও দলের লোকজনকে জেলে পাঠান। এমন তো কথা ছিল না।’ এরশাদ বলেন, ‘যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, তাঁর দায়িত্ব নির্বাচন পরিচালনা করা। কিন্তু সাহাবুদ্দীন আহমদ সংবিধান সংশোধনসহ অনেক অবৈধ কাজ করে গেছেন। এ জন্য তাঁকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে।’