সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা ঠিক করতে যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে খালেদার বৈঠক
আগামী দিনে কিভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে তা নিয়ে দলের যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার রাতে চেয়াপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে সাংগঠনিক বিষয়সহ ঢাকার মহাসমাবেশ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠক শেষে দলের যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে এ কথা জানান। তিনি আরও জানান, সারাদেশে যেসব কমিটি পুনর্গঠন বাকি রয়েছে সেগুলো শিগগিরই সম্পন্ন করতে নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।দলীয় কোন্দল এবং ঢাকা, মানিকগঞ্জ ও পাবনা জেলার কাউন্সিল না হওয়ায় বেগম খালেদা জিয়া ক্ষোভ প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে।বৈঠকে যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, সাংসদ মাহবুবউদ্দীন খোকন, রুহুল কবির রিজভী আহমেদ (দপ্তর সম্পাদকের দায়িত্বে নিয়োজিত) এবং সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন (ঢাকা), গোলাম আকবর খোন্দকার (চট্টগ্রাম), মশিউর রহমান (খুলনা), হারুনুর রশীদ (রাজশাহী), মুজিবর রহমান সরোয়ার (বরিশাল) ও এম ইলিয়াস আলী (সিলেট) উপস্থিত ছিলেন। যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।