সরকারের বিরুদ্ধে মমতার প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আগামী ১ অক্টোবর দিল্লির জন্তর-মন্তরে এক সভার ডাক দিয়েছে। ওই দিন দুপুর একটায় এ প্রতিবাদ সভা হবে। তৃণমূলের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ সভায় নেতৃত্ব দেবেন। আজ সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মমতা এ প্রতিবাদ সভার ডাক দিয়েছেন বলে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে।খুচরা ব্যবসায়ে বিদেশি পুঁজি বিনিয়োগ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মমতা এ প্রতিবাদ সভার ডাক দিয়েছেন। এরই মধ্যে ইউপিএ জোট সরকার থেকে তাঁর দলের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন তিনি।ফেসবুকের পোস্টে মমতা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের একত্র হয়ে জোরালোভাবে আন্দোলন করতে হবে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনগণের অধিকারই সর্বোচ্চ। আমাদের ভাষা জনগণের ভাষা। অবশ্যই আমাদের এর বিরুদ্ধে কথা বলা উচিত, যাতে করে সরকার তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে।’মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই আমরা সেখানে উপস্থিত হব। জনবিরোধী ওই সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি।’মমতা বলেন, মা, মাটি, মানুষের জন্যই তাঁর আন্দোলন। তিনি প্রতিবাদ সভায় যোগ দিতে ফেসবুকে আহ্বান জানান।লোকসভায় তৃণমূলের ১৯ জন সাংসদ রয়েছেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় তৃণমূলের একজন মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন। ওই ছয় মন্ত্রী এরই মধ্যে পদত্যাগ করেছেন। ৫৪৫ আসনের পার্লামেন্টে সদস্য আছেন ৫৪৩ জন। ইউপিএ সরকারকে টিকিয়ে রাখতে প্রয়োজন ২৭২ সাংসদের সমর্থন। তৃণমূলের ১৯ সাংসদ সমর্থন প্রত্যাহার করায় ইউপিএর সদস্য দাঁড়ায় ২৫৬ জন। এর মধ্যে কংগ্রেসের একার ২০৫। তবে সমাজবাদী পার্টির ২২ ও বহুজন সমাজ পার্টির ২১ জনের সমর্থন পাওয়ায় এই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ২৯৯।