সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা আজ শনিবার গুলশানের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান। দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচিত বিএনপিপন্থী নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।তিউনিসিয়া, মিশরসহ বিশ্বের কয়েকটি দেশে সাম্প্রতিক গণ-অসন্তোষের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, একটি দেশের (তিউনিসিয়া) রাষ্ট্রপতি পালিয়ে গেছেন। আরও কয়েকটি দেশে সরকারের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমেছে। তিনি বলেন, জনবিরোধী কাজ আর রাষ্ট্রপরিচালনায় ব্যর্থ এই সরকারের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে।বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের দেশেও জনগণ কঠিন সময় অতিক্রম করছে। এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের ডাক দিলে এখন জনগণ রাজপথে নেমে আসবে। আপনারা আন্দোলনের জন্য প্রস্তুত হোন।’ উপনির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে তিনি বলেন, কমিশন সরকারের পক্ষে কাজ করেছে। তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছে। তাদের পদত্যাগ করা উচিত।দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: এর আগে সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। মানুষের মৌলিক অধিকার বলতে কিছু নেই। মানুষের শেষ আশ্রয়স্থল উচ্চ আদালতকেও সরকার নীল নকশার মাধ্যমে কলঙ্কিত করেছে।সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম, জমিরউদ্দিন সরকার, শাহজাহান ওমর, সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।