প্রতিবন্ধীদের উন্নয়নে দৃশ্যত সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব নেই। সরকার বিভিন্ন অঙ্গীকার করেছে। উদ্যোগও নিয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় বেশির ভাগ উদ্যোগই আটকে আছে।কার্যবণ্টনবিধি সংশোধিত হয়নি: বর্তমান কার্যবণ্টনবিধি (অ্যালোকেশন অব বিজনেস) অনুযায়ী, প্রতিবন্ধীদের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে একমাত্র সমাজকল্যাণ মন্ত্রণালয়। ২০০৭ সাল থেকে বিভিন্ন সরকার বলে আসছে, প্রতিবন্ধিতার বিষয়টি সব মন্ত্রণালয়ের উন্নয়ন এজেন্ডায় অন্তর্ভুক্ত করতে কার্যবণ্টন বিধি সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। মন্ত্রণালয় সূত্রে সম্প্রতি জানা গেছে, ‘খুব শিগগিরই’ খসড়া চূড়ান্ত করে তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম প্রথম আলোকে বলেন, কার্যবণ্টনে প্রতিবন্ধীদের বিষয়টি না থাকায় অর্থ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত বাজেট নিয়ে জটিলতায় পড়তে হচ্ছে।আলোর মুখ দেখেনি অধিকারের আইন: জাতিসংঘের সংশ্লিষ্ট সনদে স্বাক্ষরকারী হিসেবে বাংলাদেশের ওপর প্রতিবন্ধী নাগরিকের অধিকারভিত্তিক এবং বৈষম্যবিরোধী নতুন আইন তৈরির দায়বদ্ধতা রয়েছে। মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারেও ২০০১ সালের প্রতিবন্ধী কল্যাণ আইন যুগোপযোগী করে বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। তবে আইনটি এখনো আলোর মুখ দেখেনি। নতুন আইন হবে, না পুরোনো আইনের সংশোধন করা হবে, সে সিদ্ধান্ত নিতেই অনেক সময় চলে গেছে। সর্বশেষ খবর হচ্ছে, নতুন আইনের খসড়া চূড়ান্ত হয়েছে। সবার মতামত দেওয়ার জন্য তা এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাখা হয়েছে।অধিদপ্তর হয়নি: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তর করতে ২০১০ সালের জুলাই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি জানায়। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় সংকোচন বিভাগে বিষয়টির যাচাই-প্রক্রিয়া চলছে। বিষয়টি ত্বরান্বিত করার তাগিদ দিয়ে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর প্রথম আলোকে বলেন, ‘সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৯ দশমিক শূন্য ৭ ভাগ প্রতিবন্ধী। প্রায় দেড় থেকে দুই কোটি প্রতিবন্ধীর জন্য একটি অধিদপ্তর গঠনের প্রক্রিয়া দ্রুত শেষ হওয়া উচিত।’ধীরগতির কবলে ইশারা ভাষা দিবস: শ্রবণপ্রতিবন্ধীদের একমাত্র ভাষা হচ্ছে ইশারা ভাষা। প্রতিবছর ৭ ফেব্রুয়ারি ‘বাংলা ইশারা ভাষা দিবস’ পালনের জন্য সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন শ্রবণপ্রতিবন্ধী নাগরিকেরা। ‘সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাংগুয়েজ ইউজার্স (এসডিএসএল) সংগঠনের সভাপতি এম ওসমান খালেদ দোভাষীর সহায়তায় প্রথম আলোকে জানান, বিষয়টি প্রত্যাশিতভাবে এগোচ্ছে না। খালেদ বলেন, ইশারা ভাষা দিবস ঘোষণার প্রস্তাব মন্ত্রণালয় গত দুই বছরে দুবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। তবে এর প্রক্রিয়ায় ভুল থাকায় বিষয়টি এগোয়নি। এ জন্য আবার আন্তমন্ত্রণালয় সভার জন্য অপেক্ষা করতে হবে।বাড়েনি চাকরির বয়স: প্রতিবন্ধীদের চাকরিতে নিয়োগের বয়সসীমা বাড়িয়ে ৪০ বছর করার জন্য প্রধানমন্ত্রী সম্মতি দেন ২০১০ সালেই। সমাজসেবা অধিদপ্তরের সর্বমোট ১১১টি শিক্ষকের পদ পূরণের ক্ষেত্রে প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিল করা এবং শিক্ষাগত যোগ্যতা অপ্রতিবন্ধী প্রার্থীর চেয়ে এক ধাপ নিচে নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। তবে এ জন্য অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধন করা প্রয়োজন। সরকারি কর্মকমিশনে এ নিয়োগ বিধিমালা সংশোধনের প্রক্রিয়া চলছে ২০০৭ সাল থেকে।‘সুবর্ণ নাগরিক’ ঘোষণা মুখেই: ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিবন্ধীদের একটি সংগঠনের সভায় সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, প্রতিবন্ধী নাগরিকদের জাতীয় পরিচয়পত্রে ‘সুবর্ণ নাগরিক’ লেখার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রী বিষয়টি সভায় মৌখিকভাবে বললেও কাগজপত্রে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অন্যদিকে প্রতিবন্ধীদের অনেকেই বলেছেন, অন্য কোনো নামে ডাকা তাঁরা পছন্দ করছেন না।কমপ্লেক্স প্রকল্প থমকে আছে: প্রতিবন্ধী জনগোষ্ঠীর উপযোগী সুযোগ-সুবিধাসহ ঢাকা মহানগরে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দেন ২০০৯ সালের নভেম্বর মাসে। মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে নির্মিতব্য এ কমপ্লেক্সের নকশা তৈরি হয়েছে। সরকার ঢাকায় একটি বহুমুখী প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠারও কথা বলেছে। ক্রীড়া কমপ্লেক্সের অগ্রগতি প্রসঙ্গে হতাশা প্রকাশ করে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জওয়াহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২০১০ সালে জাতীয় প্রতিবন্ধী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম কোনায় সাড়ে চার একর জায়গা দেখা হয়। কিন্তু বিষয়টি সরকারের চিন্তাভাবনা ও প্রতিবন্ধীদের স্বপ্নের মধ্যেই আটকে আছে। অথচ সরকারের মেয়াদ তিন বছর পার হয়ে গেছে।’সরকারের প্রতি অধিকারকর্মীর তাগিদ: দেশের সর্বোচ্চ আদালতে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির কাছে আইনজীবী ও মানবাধিকারকর্মীদের আবেদনের পর একটি ভবনে ঢালুপথ তৈরি করা হয়েছে। এ বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক সারা হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ কাজগুলো করা সরকারের দায়িত্ব। আগে থেকেই সরকারের নিজ দায়িত্বে এসব কাজ করা উচিত।’সরকারের ভাষ্য: সরকারি উদ্যোগ বাস্তবায়নের ধীরগতি নিয়ে প্রশ্ন করা হলে সমাজকল্যাণ-সচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার কাজ করছে। তবে কিছু উদ্যোগ হয়তো প্রক্রিয়াধীন আছে।’ সচিব প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র, অটিজম রিসোর্স সেন্টার, ভ্রাম্যমাণ ওয়ানস্টপ থেরাপি সার্ভিস, অটিস্টিক শিশুদের জন্য অবৈতনিক স্কুল, প্রতিবন্ধী কর্মজীবীদের হোস্টেল, প্রশিক্ষণ ও ঋণসহায়তাসহ বিভিন্ন ব্যবস্থার উদাহরণ দিয়ে বলেন, প্রতিবন্ধীরা সরাসরি এসব কাজের সুফল পাচ্ছে।