সরকারের ব্যাংক ঋণ বাড়ছেই, খরচ নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনই ব্যাংক থেকে টাকা ধার করে চলেছে সরকার। সরকারের এই ঋণের চাহিদা মেটানোর মতো নগদ অর্থ নেই বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে। কিন্তু সরকারের ঋণের চাহিদাকে প্রত্যাখ্যাত করার আইনি অধিকারও নেই বাংলাদেশ ব্যাংকের। তাই প্রতিদিন নতুন টাকা (রিজার্ভ মানি বা বীজ টাকা) বাজারে জোগান দিয়ে চলেছে কেন্দ্রীয় ব্যাংক। সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রায় সাড়ে পাঁচ মাসে ব্যাংক খাত থেকে সরকার ঋণ করেছে প্রায় ১৯ হাজার কোটি টাকা, যার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে দেওয়া হয়েছে প্রায় পৌনে ১১ হাজার কোটি টাকা। রিজার্ভ মানি বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক সরকারের চাহিদা মেটানোয় বড় মূল্যস্ফীতিকে ডেকে আনা হয় বলে অর্থশাস্ত্রেই বলা আছে। তাত্ত্বিকভাবেই বলা হয়, এ ধরনের ১০০ টাকা বাজারে বাড়লে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পৌনে পাঁচ শ (মানি মাল্টিপ্লয়ার বর্তমানে ৪ দশমিক ৭৫) টাকার ক্রয়ক্ষমতা তৈরি হয়। ফলে বড় হারে বাড়ে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম। এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে বর্তমানে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে।সরকারের এই বেপরোয়া ব্যাংকঋণ নিয়ে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংকই শঙ্কা প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। অর্থনীতির বিশ্লেষকেরা প্রশ্ন তুলছেন, সরকার টাকা আসলে কোথায় খরচ করছে? বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের এই বড় অঙ্কের ঋণে উদ্বেগ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘টাকা ধার করা নিয়ে আমি যতটা না চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত টাকা কোথায় যাচ্ছে তা নিয়ে।’ এ প্রশ্ন এখন বাংলাদেশ ব্যাংকও তুলছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রগুলো বলছে, সাধারণভাবে ভর্তুকি মেটাতে সরকার ঋণ করছে বলা হচ্ছে। কিন্তু এত অল্প সময়ে এত টাকা কেবল ভর্তুকি খাতে ব্যয় করা নিয়ে তাদের মধ্যেই সংশয় রয়েছে। বড় অঙ্কের ধার দিয়েই চলতি অর্থবছরটি শুরু করেছিল সরকার। দৈনন্দিন ব্যয় মেটাতে নতুন অর্থবছরের মাত্র ১০০ দিনে ব্যাংক খাতে সরকারের নিট ঋণ হয় প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা। আর সর্বশেষ ১৬২ দিনে হয়েছে ১৮ হাজার ৮৫৯ কোটি ৮৮ লাখ টাকা, যার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয়েছে ১০ হাজার ৭৪২ কোটি ৩৯ লাখ টাকা। উল্লেখ্য, জাতীয় বাজেটে সরকার গোটা অর্থবছরে ব্যাংক খাত থেকে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকার ঋণ পরিকল্পনা রয়েছে। এর আগে গেল বছরে ব্যাংকব্যবস্থায় সরকারের নিট ঋণ সব পরিকল্পনা ছাপিয়ে যায়। সে সময় ব্যাংক খাত থেকে সরকার ঋণ করে প্রায় ২০ হাজার ৪০০ কোটি টাকা, যা ওই অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ও সংশোধিত বাজেট লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার কোটি টাকা বেশি ছিল। গেল বছর সরকারের এই ঋণের প্রায় অর্ধেকটা নেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে। বলা হয়, তফসিলি ব্যাংক থেকে সরকার বেশি ঋণ করলে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তির সুযোগ কমে আসে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই সরকারকে এ বিষয়ে সতর্ক করেছে যে, বাণিজ্যিক ব্যাংক থেকে আর ঋণ দেওয়া যাবে না। তাহলে বেসরকারি খাতের ঋণপ্রাপ্যতা থাকবে না। চলতি অর্থবছরে এখন পর্যন্ত সরকারের উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি গতানুগতিক। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘তার মানে হলো কোনো না কোনোভাবে অনুন্নয়ন খাতের ব্যয় মেটানো হচ্ছে ধার করে।’ অর্থবছরের প্রথম কয়েক মাসে রাজস্ব আদায় ভালো থাকে না। অন্যদিকে ভর্তুকি, সুদ ও সেবা খাতের ব্যয় মেটাতে এবং বড় অপচয়ও এর মধ্যে থাকতে পারে—এমনটিই মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো। দেবপ্রিয় ভট্টাচার্য উদ্বেগের সঙ্গে বলেন, সরকারের রাষ্ট্রীয় আয়-ব্যয়ের এই ভারসাম্যহীনতা সামগ্রিক অর্থনীতিতে চাপ তৈরি করছে, যার কারণে মূল্যস্ফীতিসহ গোটা অর্থনীতি দুর্বল করছে।