সরকারের ব্যয়ের হিসাব সংসদীয় কমিটিতে উপস্থাপনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো নয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি হিসাবের হালনাগাদ তথ্য যাচাই করতে চায় সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য বর্তমান সরকারের আমলে তিনটি বাজেটে বিভিন্ন মন্ত্রণালয় যে ব্যয় করেছে, তার হিসাব সংসদীয় কমিটিতে উপস্থাপন করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে সরকারি হিসাব কমিটির শততম বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের হিসাব অনুযায়ী বর্তমান এবং অতীতের যেকোনো সংসদের শততম বৈঠকের রেকর্ড এটিই প্রথম। কমিটির আজকের এবং এর আগের বৈঠকে চারদলীয় জোট সরকারের আমলের সরকারি হিসাব নিয়ে আলোচনা হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটি মনে করছে, আর্থিক হিসাবের হালনাগাদ তথ্য নিয়ে আলোচনার সুযোগ থাকলে বিদেশে কী পরিমাণ অর্থ পাচার হচ্ছে এবং পুঁজিবাজারে কারসাজি করে কী পরিমাণ টাকা লুটপাট হয়েছে, তা খুব সহজেই ধরা পড়বে। সে জন্য কমিটি বর্তমান সরকারের সময়কালের ২০০৯-১০, ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরের সরকারি হিসাব কমিটির বৈঠকে উপস্থাপন করতে বলেছে। কমিটির সদস্য আলী আশরাফ সাংবাদিকদের বলেন, সরকারি হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং সরকারি কর্মকর্তাদের কাজের দক্ষতা বাড়াতে এখন থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের আর্থিক হিসাবের হালনাগাদ তথ্য সংসদীয় কমিটিতে উপস্থাপন করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, পুরোনো হিসাব নিয়ে আলোচনা করে লাভ নেই। কারণ, হিসাব পরীক্ষার পর যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে, তাঁদের বেশির ভাগই এখন অবসরে গেছেন। কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আলী আশরাফ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, ইমাজ উদ্দিন প্রামাণিক ও মোহাম্মদ ছায়েদুল হক অংশ নেন। আরও উপস্থিত ছিলেন মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, অর্থসচিব ফজলে কবির, প্রতিরক্ষা সচিব খোন্দকার আসাদুজ্জামান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস প্রমুখ।