সরকারের ভুল বার্তায় আস্থাহীন বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম আস্থার সংকটে দেশের শেয়ারবাজার। কেলেঙ্কারির নয় মাস পার হয়ে গেলেও বিনিয়োগকারীদের বড় অংশই বাজারের ওপর আস্থা রাখতে পারছে না। লেনদেনেও তারা নিষ্ক্রিয়। বিনিয়োগ করছে না প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। বাজারে সক্রিয় কেবল কারসাজিকারীরা। শেয়ার কেলেঙ্কারি নিয়ে গঠিত তদন্ত প্রতিবেদনে যাঁদের চিহ্নিত করা হয়েছিল, তাঁরা প্রায় সবাই বাজারে আছেন। আর যাঁদের বাজার থেকে দূরে রাখতে পরামর্শ দিয়েছিল তদন্ত কমিটি, তাঁরা বাজার স্থিতিশীল রাখতে দায়িত্ব নিয়েছেন। এসব কারণে আস্থাহীনতা আরও বেড়েছে। কিন্তু বাজার স্থিতিশীল হতে পারছে না। ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বাজার পরিস্থিতিতে চরম হতাশা প্রকাশ করেছেন। তিনি এ জন্য সরকারের ভুল পদক্ষেপকে দায়ী করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, শেয়ারবাজার নিয়ে সরকার একের পর এক ভুল বার্তা দিচ্ছে। এর ফলে চরম আস্থাহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা। তারল্য-সংকট বাজারের মূল সমস্যা নয়, মূল সমস্যা হচ্ছে আস্থাহীনতা। আর এ জন্য দায়ী সরকারের দেওয়া নানা ধরনের ভুল বার্তা। দ্রুত ধনী হওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক লাখ নতুন বিনিয়োগকারীকে বাজারে টেনে আনা হয়েছিল গত দুই বছরে। শেয়ারবাজারে ধস নামায় তাঁরা সবাই এখন সর্বস্বান্ত। তদন্ত কমিটি গঠনের পর অনেকেই বাজার নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু গত নয় মাসে এসব বিনিয়োগকারী আরও লোকসান দিয়েছেন। মূল্যহীন তদন্ত প্রতিবেদন: গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে শেয়ারবাজার ধসের ঘটনা অনুসন্ধানে সরকার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তাদের তদন্ত প্রতিবেদনে কারসাজির ঘটনার জন্য কয়েকজনকে অভিযুক্ত করে। ওই সব ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশের পাশাপাশি পুঁজিবাজার-সংশ্লিষ্ট আইনকানুন সংস্কার, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) ঢেলে সাজানোর সুপারিশ করে। ওই সুপারিশের ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়া হলেও চিহ্নিত দোষীদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন পর্যন্ত পাঁচ বিনিয়োগকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে বড় ও শক্তিশালী কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এসইসি পুনর্গঠিত হলেও এর আগে ভয়ভীতি দেখিয়ে একজন সদস্যকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। নতুন কমিশন দায়িত্ব পেয়ে বুকবিল্ডিং পদ্ধতি ও মিউচুয়াল ফান্ড নীতিমালার সংশোধনী চূড়ান্ত করলেও সূচকের পতন ঠেকাতেই তারা বেশি ব্যস্ত থেকেছে। এ সময় এসইসি বাজারের ধারাবাহিক দরপতন রোধে সাময়িক কিছু ব্যবস্থাও নিয়েছে। কিন্তু কিছুতেই যেন প্রাণ ফিরছে না বাজারে। কেউই আস্থা রাখতে পারছে না বাজারের ওপর। হতাশ তদন্ত কমিটির প্রধান: খোন্দকার ইব্রাহিম খালেদ গতকাল বাজার নিয়ে চরম হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা দোষী ব্যক্তিদের চিহ্নিত করে একটা প্রতিবেদন দিলাম। সরকারের পক্ষ থেকে বলা হলো, এরা সবাই অত্যন্ত শক্তিশালী। তাই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না। সরকারের এই বক্তব্যে সবাই প্রথম হতাশ হলো এবং শক্তিশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা সরকার নিতে পারবে না বলে একটা বার্তা পেল।’খোন্দকার ইব্রাহিম খালেদ আরও বলেন, ‘আমরা সুপারিশ করে বলেছিলাম, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) পুনর্গঠন করতে হবে। এ জন্য সবার আগে চেয়ারম্যানকে বদলাতে হবে। কিন্তু সরকার করল উল্টোটা। চেয়ারম্যানকে রেখে সদস্যদের বদলানো হলো। আরও খারাপ যেটা হলো তা হচ্ছে, এসইসির যে সদস্য কারসাজির বিরোধিতা করেছিল, তাঁকে ভয়ভীতি দেখিয়ে পদত্যাগে বাধ্য করা হলো। এ থেকে সবাই বার্তা পেল, এখানে ভালো লোককে সরিয়ে দেওয়া হয় এবং দুষ্ট লোকদের সহায়তা দেওয়া হয়।’ তদন্ত কমিটির চেয়ারম্যান সবশেষে বলেন, ‘তদন্ত প্রতিবেদনে আমরা কিছু ব্যক্তিকে নিয়ে সতর্ক করে দিয়েছিলাম। বলেছিলাম, এরা বাজারকে প্রভাবিত করে, ফলে সরকারকে এসব ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। অথচ দেখা যাচ্ছে, এরাই বাজারকে ঠিক করতে দায়িত্ব নিয়েছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তারাই যদি বাজারের দায়িত্ব নেয়, তাহলে এটিও ভুল বার্তা দিচ্ছে।’ বাজার স্থিতিশীলতার দায়িত্ব!: তদন্ত কমিটির সুপারিশে বলা হয়েছিল, ‘পুঁজিবাজার লেনদেন ও পরিচালনায় সালমান ও রকিবুর রহমানের প্রভাব বিস্তারের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সতর্কতা অবলম্বন প্রয়োজন বলে তদন্ত কমিটি মনে করে। “মার্কেট প্লেয়াররা” এসইসির ওপর প্রভাব বিস্তারে সক্ষম হলে এসইসি অকার্যকর হয়ে থাকবে, আবারও বাজারে বিপর্যয় ঘটবে।’ জানা গেছে, তদন্ত কমিটির এমন মতামতের পরও এখন বাজারে সবচেয়ে সক্রিয় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তিনি শেয়ারবাজার স্থিতিশীল করার দায়িত্ব নিয়েছেন। এসইসির তুলনায় তিনিই সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করছেন। সালমান এফ রহমান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি হিসেবে সম্প্রতি ডিএসইর পরিচালক হয়েছেন। এ ঘটনাও বিনিয়োগকারীদের আস্থাহীন করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। সূচকের ওঠানামা: বিনিয়োগকারীদের এই আস্থাহীনতার কারণে প্রতিনিয়ত শেয়ারের মূল্যসূচকের ওঠানামা ঘটছে। তারল্য-সংকটের কারণে লেনদেনের পরিমাণও কমে গেছে। গতকাল বুধবার দিনভর ওঠানামার পর লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে মাত্র এক পয়েন্ট যোগ হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে কমেছে প্রায় ৭৭ পয়েন্ট। পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, কোনো দিন একসঙ্গে প্রায় সব শেয়ারের মূল্যবৃদ্ধি, আরেক দিন সবগুলোর দরপতন ঘটছে। বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণেই এমনটি ঘটছে। লেনদেনের নিম্নগতি এই আস্থাহীনতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় লেনদেনও উদ্বেগজনক হারে কমে গেছে। পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক মাহমুদ ওসমান ইমাম প্রথম আলোকে বলেন, ‘বাজারে লেনদেন যখন কমে যায় তখন বড় বিনিয়োগকারীদের প্রভাব বেড়ে যায়। আর লেনদেন বাড়লে তাদের প্রভাবও কমতে থাকে। বাজার স্থিতিশীল করতে হলে বাজারে সব শ্রেণীর বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে হবে। ছোট বিনিয়োগকারীদের লোকসান কীভাবে কমানো যেতে পারে, সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। তাহলে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।’তিন দিনের স্বস্তি: আজ বৃহস্পতিবার থেকে তিন দিন অধিকাংশ বিনিয়োগকারী খানিকটা স্বস্তিতে থাকবেন। কারণ এই তিন দিন লেনদেন বন্ধ থাকবে। ফলে তাঁদের সূচক ও দরপতন দেখতে হচ্ছে না। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য আজ শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। তাই গতকালই শেয়ারবাজারে চলতি সপ্তাহের শেষ লেনদেন সম্পন্ন হয়েছে। সপ্তাহের চার কার্যদিবসের মধ্যে বুধবার বাদে আগের তিন দিনই ডিএসইতে টানা দরপতন ঘটেছে। আর সিএসইতে চার দিনই দরপতন ঘটে। কমেছে লেনদেনও। গত জুলাই মাসের শেষ সপ্তাহেও ডিএসইতে প্রতি দিনের গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ৮১১ কোটি টাকা। দুই মাসের ব্যবধানে এখন সেটি নেমে এসেছে ৩০০ কোটি টাকার ঘরে। গতকালের বাজার: তিন দিনের টানা দরপতনের পর বুধবার মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই ঢাকার বাজারে লেনদেন শুরু হয়েছিল। প্রথম ১৫ মিনিটের মধ্যেই সাধারণ মূল্যসূচক প্রায় ৪৫ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপরের ৩০ মিনিট একটানা সূচক কমতে থাকে। দুপুর ১২টায় আবার কিছুটা ঊর্ধ্বমুখী হয় সূচক। ডিএসইতে গতকাল ২৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টির দাম বেড়েছে, কমেছে ৯০টির আর অপরিবর্তিত ছিল ১৬ কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৭২৮ পয়েন্টে। গতকাল ২৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি। সিএসইর সার্বিক মূল্যসূচক লেনদেন শেষে নেমে এসেছে ১৬ হাজার ১৫৫ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে ১৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৯টিরই দাম কমেছে, বেড়েছে ৭৫টির আর অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে প্রায় ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কম।