সরকারের মাথাব্যথার কোনো কারণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, শেয়ারবাজার স্থিতিশীল রাখতে সরকার ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থা হচ্ছে, ন্যায় ও নিয়মসংগতভাবে যে পরিমাণ দাম ওঠা বা নামার কথা, তার ভেতর থাকলে ব্যবসা চলবে। তিনি বলেন, ‘এর ওপরে বা নিচে গেলে বুঝতে হবে স্পেকুলেটররা (ফাটকাবাজারিরা) এটা নিয়ে খেলছে। সে খেলার সুযোগ সরকার দেবে না।’ তার মত হলো, শেয়ারবাজার ধসে সরকারের মাথাব্যথার কোনো কারণ নেই। শেয়ারবাজারের পুঁজি প্রকৃত বিনিয়োগে যায় না। মসিউর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘খুলনা জেলার ভূতিয়ার বিল এবং বর্ণাল সলিমপুর কোলাবাসুখালী বন্যানিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প পুর্নবাসন’ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ মতামত দেন। জেলার তেরখাদা উপজেলা পরিষদ চত্বরে গতকাল দুপুরে এ প্রকল্পের উদ্বোধন হয়।মসিউর রহমান আরও বলেন, যদি শেয়ারবাজার কাজ করত, তাহলে এখান থেকে পুঁজি সংগ্রহ করে বিনিয়োগ বাড়ানো যেত। কিন্তু শেয়ারবাজার সে কাজটি করছে না। তিনি শেয়ারবাজারে বিনিয়োগকে দ্রুত কোটিপতি হওয়ার ব্যবসা বলে উল্লেখ করে বলেন, যেহেতু প্রকৃত বিনিয়োগে এই অর্থ যাচ্ছে না, তাই অর্থনীতিতে এর তেমন কোনো প্রভাব পড়বে না। এক প্রশ্নের জবাবে মসিউর রহমান বলেন, ‘শেয়ারবাজারকে কেন্দ্র করে যারা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে, আপনার এবং আমার দায়িত্ব তাদের বাধা দেওয়া এবং বলা, তোমরা সমাজের শত্রু। সরকার এবং জনগণ উভয়ের সোচ্চার হয়ে বলা দরকার, তোমরা সমাজের শত্রু; সমাজের ক্ষতি করছ। জনগণের সমর্থনেই সরকার কাজ করবে। কেউ যদি মনে করেন, এদের প্রতি সহানুভূতি বেশি প্রকাশ করা উচিত, তাহলে তা জনগণের বিপক্ষে কাজ করবে।’মসিউর রহমান বলেন, ‘কতগুলো লোক যদি অর্থনীতিতে অবদান না রেখে নিজেরাই লাভবান হতে চায়, তাদের কষ্টে আমার হূদয় কাঁদে না।’ তিনি এই বাজার ধসের পর যারা রাস্তাঘাট অবরোধ করেছে, তাদের প্রতিহত করার জন্য সাংবাদিকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।