সরকারের মামলাবাজির প্রতিবাদ জানাচ্ছি
বিএনপির নেতাদের নামে মামলা দায়ের করা এবং জামিন না দেওয়ার সমালোচনা করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘আমি সরকারের এ ধরনের মামলাবাজি ও জুলুমবাজির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’আজ শনিবার এক বিবৃতিতে বদরুদ্দোজা চৌধুরী এই সমালোচনা করেন। হরতাল চলাকালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলার উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির প্রথম সারির নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং জামিনদান যে পদ্ধতিতে অস্বীকার করা হয়েছে (একজন বিচারক জামিনদানে ইচ্ছুক সত্ত্বেও), তা গণতান্ত্রিক রীতিবিরুদ্ধ।’বদরুদ্দোজা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা সরকারের দুর্বলতার পাশাপাশি ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবির যথার্থতা প্রমাণ করে। তিনি বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও গ্রেপ্তার আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।