প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার মধ্যে গতকাল বুধবার বৈঠক হয়েছে। বৈঠকে পার্বত্য চুক্তির অবাস্তবায়িত বিষয়গুলো কীভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে রিজভী ও সন্তু লারমা সাংবাদিকদের বলেছেন, এটি তাঁদের দুই বন্ধুর আলোচনা ছাড়া আর কিছুই নয়। রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকার সন্তু লারমার সরকারি বাসভবনে গওহর রিজভী ও সন্তু লারমা সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত একান্ত আলোচনা করেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গওহর রিজভী পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকারের চলমান প্রক্রিয়া সম্পর্কে সন্তু লারমাকে জানান। সরকারের মেয়াদে পার্বত্য চুক্তির অনেক গুরুত্বপূর্ণ ও মৌলিক ধারা বাস্তবায়িত হবে বলে তাঁকে আশ্বস্ত করেন। বৈঠকে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন না হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ভূমি সমস্যা দিনে দিনে জটিল আকার ধারণ করছে। ভূমি কমিশন আইনের যেসব ধারা সংশোধনের ব্যাপারে সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মতৈক্য হয়েছে, সেসব ধারা দ্রুত সংশোধন করে ভূমি কমিশনের কাজ শুরু করা প্রয়োজন। এ ছাড়া পার্বত্য জেলা পরিষদের কাছে চুক্তি মোতাবেক সব সরকারি বিভাগ হস্তান্তর এবং পার্বত্য জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সন্তু লারমা গুরুত্বারোপ করেন।এ সময় গওহর রিজভী পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা ও কিছু সমস্যা তুলে ধরেন। তবে সরকারের মেয়াদে পার্বত্য চুক্তি বাস্তবায়নে অনেক অগ্রগতি হবে বলে আশ্বস্ত করেন। বৈঠকে নিজেদের পারিবারিক এবং ব্যক্তিগত অনেক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গওহর রিজভী বলেন, ‘এটা আমার ব্যক্তিগত সফর। সঙ্গে আমার স্ত্রীও রয়েছেন। আমরা দুই বন্ধু ব্যক্তিগত ও পারিবারিক আলোচনা করেছি।’ পরে সন্তু লারমাও বলেন, ‘আমি ঢাকায় গেলে তাঁর (গওহর রিজভী) বাসায় বেড়াতে যাই। তিনিও আমার বাসায় বেড়াতে এসেছেন।’গতকাল গওহর রিজভী সস্ত্রীক রাঙামাটি বেড়াতে আসেন। আজ বৃহস্পতিবার তিনি নৌপথে ভারতীয় সীমান্তবর্তী বরকল উপজেলার হরিণা ইউনিয়নের ঠেগামুখের প্রস্তাবিত স্থলবন্দর পরিদর্শন করবেন। সেখান থেকে সামরিক হেলিকপ্টারে বান্দরবান যাবেন।