সরকারের রাজনৈতিক ইচ্ছায় নতুন ব্যাংক দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি খাতে নতুন ব্যাংকের অনুমোদন দেওয়ার বিষয়টি সরকারের একটি রাজনৈতিক ইচ্ছা। অর্থমন্ত্রী জানান, কয়টি ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে তা এখনই বলা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংককে এ ব্যাপারে তথ্য-উপাত্ত যাচাই করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। গতকাল রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট বাস্তবায়ন ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘জনসংখ্যার পরিমাণ নিয়ে দ্বিমত থাকতে পারে। অনেক মন্ত্রীই অভিযোগ করেছেন, তাঁর বাড়িতে কর্মীরা যাননি। আমার বাড়িতে যারা গিয়েছিল তারাও দুর্বল। তবে আমি মনে করি, আগামী সেপ্টেম্বরে নমুনা নিয়ে জরিপ শেষ হলে বলা যাবে জনসংখ্যা আসলে কত। তবে আমার ধারণা, প্রবাসীসহ জনসংখ্যা ১৬ কোটি হবে।’ প্রসঙ্গত, কিছু দিন আগেও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটির কিছু বেশি উল্লেখ করেছিল। তখন অর্থমন্ত্রী এ তথ্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছিলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। এ সময় ইআরএফের সাধারণ সম্পাদক আবু কাওসার উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী নতুন ব্যাংক নিয়ে বলেন, ২০১১ সালের প্রথম ছয় মাসে ব্যাংকগুলোর সাময়িক মুনাফার তথ্যে প্রতীয়মান হয়, এ খাতে যথেষ্ট প্রতিযোগিতা হচ্ছে না। নতুন ব্যাংক করার অনুমতি দিলে প্রতিযোগিতা হবে। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশ ব্যাংককে নতুন ব্যাংকের জন্য লাইসেন্স দিতে কোনো চাপ প্রয়োগ করছে না। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সরকারের সম্পর্ক পৃথক করা যায় না। কেন্দ্রীয় ব্যাংকের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা সরকারের আছে। সরকারের ইচ্ছা হয়েছে তাই ব্যাংক স্থাপনের জন্য নতুন আবেদন আহ্বান করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থনীতির আকার বিবেচনায় দেশে নতুন কোনো ব্যাংক স্থাপনের প্রয়োজনীয়তা নেই বলে ২০০৮ সালে বাংলাদেশ ব্যাংকের সমীক্ষার কথা সাংবাদিকেরা উল্লেখ করলে অর্থমন্ত্রী বলেন, বিগত আড়াই বছরে অর্থনীতির আকার অনেক বেড়েছে। এখন ওই সমীক্ষার আর কোনো যৌক্তিকতা নেই। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দলীয় ব্যক্তিদের সুবিধা দিতে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের আর্থিক খাত অর্থা ৎ তালিকাভুক্ত ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারকি বাড়াতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের তদারকি বিভাগকে আরও শক্তিশালী করে সম্পূর্ণ আলাদা বিভাগ করতে হবে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে দুর্বলতা আছে। তা না হলে, যেখানে ৮৫ শতাংশ ঋণ দেওয়ার কথা, সেখানে ১১০ শতাংশ ঋণ ব্যাংকগুলো দেয় কীভাবে। মূল্যস্ফীতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ভোজ্যতেল ও খাদ্যদ্রব্য ছাড়া অন্য সব পণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আছে। উচ্চমূল্যস্ফীতির কারণ আন্তর্জাতিক বাজার। তার পরও আন্তর্জাতিক বাজারের চেয়ে দেশে পণ্যের দাম কমই আছে। তবে এর সঙ্গে কিছু ব্যবসায়ী জড়িত। যেহেতু রাতারাতি পণ্যের দর কমানো যাবে না, তাই গরিব মানুষকে কমমূল্যে পণ্য সরবরাহ করতে হবে। অর্থমন্ত্রী আরও বলেন, শেয়ারবাজারের তথাকথিত ধস নিয়ে যে ভাঙচুর হয় তা রাজনৈতিক। শেয়ারবাজারে ওঠানামা থাকবেই। কিন্তু বিনিয়োগকারীদের প্রত্যাশা প্রতিদিন দাম বাড়তে হবে।