সরকারের লক্ষ্য গ্রামের মানুষের আর্থিক সচ্ছলতা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারের লক্ষ্য গ্রামের মানুষ আর্থিকভাবে সচ্ছল হোক। আমরা চাই, গ্রামের মানুষের গ্রামে থেকেই কর্মসংস্থানের ব্যবস্থা হোক। সে জন্য শহরের অতিদরিদ্র বস্তিবাসীকে পুনর্বাসন করা হবে “ঘরে ফেরা” কর্মসূচির মাধ্যমে।’আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সাংসদ নাছিমুল আলম চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাষাবাদযোগ্য প্রতিটি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে চাই।’সরকারদলীয় সাংসদ আবদুল মান্নানের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভিজিএফ, টিআর, কাবিখা, ভিজিডি কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা হয়েছে।সাংসদ মেহের আফরোজের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচন করার এখতিয়ার নির্বাচন কমিশনের। এরই মধ্যে সারা দেশে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন উপকূলীয় অঞ্চলের ১২টি জেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় করার বিষয়টি নিশ্চিত করবে নির্বাচন কমিশন।গ্যাসের উত্পাদন ও চাহিদা: এক প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের আমলে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাসের অনুসন্ধান ও উত্পাদন কাজ না করায় গ্যাস সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকার গ্যাস উত্পাদন বৃদ্ধির কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান অনেক বেড়েছে।প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের সংকট নিরসনের লক্ষ্যে বর্তমান সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। আগামী ডিসেম্বরের মধ্যে পাঁচটি অনুসন্ধান কূপ ও ছয়টি মূল্যায়ন কূপ খনন এবং একটি কূপের ওয়ার্কওভার করে গ্যাসের মোট উত্পাদন আরও ২৯৫ মিলিয়ন ঘন ফুট বৃদ্ধি করা যাবে বলে আশা করা যায়। আগামী বছরে মধ্যমেয়াদি কর্মসূচির আওতায় দিনে ২২০ মিলিয়ন ঘন ফুট গ্যাস উত্পাদন বৃদ্ধির কার্যক্রম চলমান আছে। আর ২০১৩ সালে গ্যাস সরবরাহ দিনে এক হাজার ৮৫ মিলিয়ন ঘন ফুট বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।ব্যাটারিচালিত যানবাহন চলবে না: বেগম সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইক বা রিকশা পর্যায়ক্রমে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যান চালানোর অনুমতি কাউকে এর আগে দেওয়া হলেও তা আর নবায়ন করা হবে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ধরনের গাড়ির উত্পাদন ও আমদানি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেগম শাহিন মনোয়ারা হকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আধুনিকায়ন ও স্বনির্ভর করার জন্য এরই মধ্যে উদ্ধার পরিকল্পনা-২০১০ প্রণয়ন করা হয়েছে।