সরকারের লুটপাটে জনজীবন বিপর্যস্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ‘সরকারের লুটপাটের কারণে জনজীবন বিপর্যস্ত। গ্রামে ৭২ ঘণ্টার মধ্যে সাত ঘণ্টাও বিদ্যুত্ থাকে না। ঢাকায় দিনে ১০-১২ বার বিদ্যুত্ আসে-যায়। কখন যাবে আর কখন আসবে, ঠিক নেই।’আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে হান্নান শাহ এসব কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, ‘মন্ত্রীরা এটা বোঝেন না। কারণ, তাঁরা সব সময় বিদ্যুত্ পান। এখন আমরা যদি এ অবস্থার প্রতিবাদ জানাতে রাস্তায় নামি, তাহলে বলা হবে আমরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছি। পুলিশ বাধা দেবে, আর পুলিশের বাধা অতিক্রম করতে গেলে বলবে পুলিশের কাজে বাধা দেওয়া হচ্ছে। সেই অভিযোগে মামলাও হবে।’ সরকার এভাবেই দেশ চালাচ্ছে বলে তিনি দাবি করেন।গতকাল নরসিংদীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয়জনের মৃত্যুর বিষয়টি সাজানো নাটক কি না, তা ভবিষ্যতে প্রকাশ পাবে বলে মন্তব্য করেন হান্নান শাহ। সমুদ্রজয় নিয়ে সরকার মিথ্যা কথা বলেছে দাবি করে তিনি বলেন, ‘ওই রায়ে বাংলাদেশ ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে। আমাদের তিনটি ব্লক তাদের (মিয়ানমার) কাছে চলে গেছে। তাহলে আমরা কীভাবে বিজয়ী হলাম?’