সরকারের সংবিধান সংশোধনের অধিকার নেই: দেলোয়ার
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এই সরকারের সংবিধান সংশোধন করার কোনো অধিকার নেই। ২০০৯ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে ভোট কারচুপি করে ক্ষমতায় বসেছে এই সরকার। এ সরকারকে সংবিধান সংশোধনের কোনো বৈধ অধিকার জনগণ দেয়নি বলেও তিনি দাবি করেন।আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন।খোন্দকার দেলোয়ার বলেন, সংবিধানের কোন কোন ধারা সংশোধন করা হবে, তা সুনির্দিষ্ট না করেই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে সরকার ১৯৭২ সালের সংবিধানে ফিরে যেতে চায়, নাকি চতুর্থ সংশোধনী পুনরুজ্জীবিত করতে চায়, তা পরিষ্কার নয়। এ থেকে বোঝা যায়, সংবিধান সংশোধন নিয়ে সরকারের দুরভিসন্ধি রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করতে পারে।বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।