সরকারের সক্ষমতার অভাব নেই: মতিয়া চৌধুরী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সরকারের সক্ষমতার অভাব নেই। আর সরকার বাইরের সাহায্যের দিকেও তাকিয়ে নেই। সরকার নিজেরা একটি তহবিল গঠন করেছে।আজ মঙ্গলবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ—বিজ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে কৃষিমন্ত্রী এ কথা বলেন। সেমিনারের বিষয়বস্তু ছিল ‘কোপেনহেগেন সম্মেলনের পরবর্তী অবস্থা: বাংলাদেশের পরবর্তী করণীয়’। সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশ প্রচুর তহবিল পাবে। কিন্তু বর্তমান প্রশাসনিক কাঠামোতে এই তহবিল খরচ করা কঠিন হবে। এ জন্য সরকারকে খরচ করার বিষয়ে দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন তাঁরা। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ মন্তব্য করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণ হচ্ছে উন্নত দেশগুলোর দূষণ। সরকার তাই উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করবে।