আগামী ৬ জানুয়ারি মহাজোট সরকারের দুই বছর পূর্তি হবে। এ উপলক্ষে সরকারের সাফল্য জনগণের সামনে তুলে ধরার জন্য দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢাকা মহানগর এলাকার সাংসদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠক সূত্র জানায়, বৈঠকে ব্যাপকভাবে বিজয় দিবস এবং সরকারের দুই বছর পূর্তি পালনের সিদ্ধান্ত হয়। বিশেষ করে বিজয় দিবসের ৪০ বছর পূর্তিতে এবার বছরব্যাপী কর্মসূচি থাকবে। চার বছর পর এবার বিজয় দিবসে সামরিক কুচকাওয়াজ হবে। ঢাকা মহানগরের প্রত্যেক নির্বাচনী এলাকায় বিজয় শোভাযাত্রা ও জাঁকজমকপূর্ণ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের জন্য সাংসদদের নির্দেশ দেওয়া হয়। সূত্র আরও জানায়, বৈঠকে ঢাকার সাংসদেরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন। ঢাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজধানী থেকে পোশাক ও চামড়াশিল্প সরানোর ব্যাপারে মতৈক্য হয়। সাংসদেরা মনে করেন, ঢাকার উন্নয়ন হলে এর প্রভাব সারা দেশে পড়বে। এতে সরকারের ভাবমূর্তি বাড়বে। সাংসদ শেখ ফজলে নূর তাপস রাজধানীর উন্নয়ন সহজতর করার জন্য মিনিস্ট্রি অব আরবান ডেভেলপমেন্ট নামে নতুন মন্ত্রণালয় করার প্রস্তাব দেন। এ ছাড়া তিনি ঢাকার সীমারেখা ঠিক করার কথা বলেন। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান উপস্থিত ছিলেন। ঢাকার সাংসদদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, রাশেদ খান মেনন, মোস্তফা জালাল মহীউদ্দিন, মিজানুর রহমান খান, হাবিবুর রহমান মোল্লা, শেখ ফজলে নূর তাপস, আসলামুল হক, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াছ উদ্দিন মোল্লা, এ কে এম রহমতউল্লাহ, আসাদুজ্জামান খান বৈঠকে উপস্থিত ছিলেন। ঢাকার সাংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও সানজিদা খানম ঢাকায় না থাকায় বৈঠকে উপস্থিত ছিলেন না।