সরকারের সাফল্য-ব্যর্থতা দুটোই আছে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সাফল্য ও ব্যর্থতা দুটোই রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের সমাপনী অধিবেশনের বক্তব্যে এরশাদ এ মন্তব্য করেন।এরশাদ বলেন, ‘সরকারের সাফল্য হলো কৃষিক্ষেত্রে। আমরা খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। গ্রামগঞ্জে এত ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে যে এখন আর মানুষের কোনো অভিযোগ নেই। আর এ সরকারের ব্যর্থতার মধ্যে আছে সন্ত্রাস। এখানে ভিন্ন ব্যাখ্যা আছে। কিছু সন্ত্রাসী পুলিশের গুলিতে মারা যায়। বলা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সন্ত্রাসীদের উত্পাতে যখন জনজীবন বিপন্ন হয়, তখন কি মানবাধিকার লঙ্ঘিত হয় না?’উপশহর করে ঢাকার যানজট নিরসন অসম্ভব দাবি করে যানজট নিরসনে দেশকে সাতটি প্রদেশে ভাগ করার পরামর্শ দেন এরশাদ। সংসদ বর্জন ও হরতালের কর্মসূচির কারণে বিরোধী দলের সমালোচনা করে এরশাদ বলেন, ‘অদ্ভুত দেশ আমাদের। গণতন্ত্রের কথা বলি, অথচ সংসদে আসি না। কারও মান-অভিমান দেখার সময় কারও নেই।’ বিরোধী দলকে সংসদে আসার এবং হরতাল পরিহার করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘সংসদে এসে জনগণের কথা বলেন। হরতাল যদি গণতান্ত্রিক অধিকার হয়, হরতাল না করার অধিকারও আছে। দেশকে এগিয়ে নিতে হলে হরতাল থেকে দেশকে রক্ষা করতে হবে।’