সরকারের সিদ্ধান্তে গুরুত্ব হারাচ্ছে পুষ্টি
সরকারের স্বাস্থ্যসংশ্লিষ্ট কর্মকাণ্ডে পুষ্টি আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের মূল ধারার কর্মকাণ্ডে পুষ্টিকে যুক্ত করে জাতীয় পুষ্টি কার্যক্রম (এনএনপি) বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জুন থেকে দেশের ৪২ হাজার পুষ্টিকেন্দ্র বন্ধ হয়ে যাবে এবং ৪২ হাজার সামাজিক পুষ্টিকর্মীসহ (গ্রাম এলাকায় ‘পুষ্টি আপা’ বলে পরিচিত) ৪৬ হাজার ২০০ মাঠকর্মীর কোনো কাজ থাকবে না।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ২০১১-১৬ মেয়াদে ‘স্বাস্থ্য ও জনসংখ্যা খাত কর্মসূচি’ (হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম— এইচপিএসডিপি) প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আগামী জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি এই কর্মসূচি শুরু হবে। মোটা দাগের ৩১টি কার্যক্রমের একটি হবে জাতীয় পুষ্টি সেবা (ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস— এনএনএস) কার্যক্রম।দেশের শীর্ষস্থানীয় পুষ্টিবিদেরা সরকারের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন। দেশের পুষ্টি-পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছে। অপুষ্টির কারণে প্রতিদিন ২৪০টি শিশু বা প্রতি ঘণ্টায় ১০টি শিশু মারা যাচ্ছে।বিশিষ্ট শিশু স্বাস্থ্যবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য বা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অন্য সব কাজের সঙ্গে পুষ্টিকে মেলানো ঠিক হবে না। দেশের মাতৃস্বাস্থ্যের অবস্থা, শিশুমৃত্যুর হার মাথায় রেখে পুষ্টির ওপর আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। পুষ্টির মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাস্থ্যবিদ, পুষ্টিবিদ ও শিশু বিশেষজ্ঞদের সঙ্গে ব্যাপকভিত্তিক আলোচনা করা দরকার ছিল।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, দাতাদের একটি চাপ আছে পুষ্টিকে মূলধারায় আনার। ১১ বছর ধরে দুটি অধিদপ্তরের সমন্বয়ের অভাবে পুষ্টি কার্যক্রমকে মূলধারায় আনা সম্ভব হয়নি। এখন থেকে দুটি অধিদপ্তর একই সঙ্গে কাজ করবে। ফলে পুষ্টি কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ পাবে।কী হচ্ছে: মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মূল কর্মসূচির নাম ছিল: স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচি (হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম—এইচএনপিএসপি)। সরকার এখন যে কাগজপত্র তৈরি করছে তাতে দেখা যায়, কর্মসূচির শিরোনামে পুষ্টি নেই। নতুন নাম ‘হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ বা এইচপিএসডিপি। কর্মসূচির শিরোনামে পুষ্টি শব্দটি যুক্ত হয়েছিল বিগত জোট সরকারের আমলে।গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য খাতবিষয়ক এক কর্মশালায় প্রথম আলোর প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছিলেন, কোনো রাজনৈতিক কারণে কর্মসূচির শিরোনাম থেকে ‘পুষ্টি’ শব্দটি বাদ দেওয়া হয়নি।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক গণেশ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে আমাদের ২৮ হাজার কর্মী। নিয়মিত কাজের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকেও আমাদের কর্মীদের কাজ করতে হচ্ছে। এখন নতুন করে পুষ্টিসেবার দায়িত্ব পালন করা কিছুটা কঠিন। সরকার আলাদাভাবে ব্যবস্থা না নিলে লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।’ধারাবাহিকতা বজায় রাখা জরুরি: এম কিউ কে তালুকদার বলেন, আওয়ামী লীগ সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে সুবিবেচনার পরিচয় দেয়নি। একইভাবে বর্তমান সরকার পুষ্টি নিয়ে ঠিক সিদ্ধান্ত নিচ্ছে না। স্বাস্থ্য ও পুষ্টির মতো বিষয় রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে রাখা দরকার।এনএনপিভুক্ত উপজেলাগুলোতে প্রায় ১০০ শতাংশ নবজাতক জন্মের পরই শালদুধ পায়। জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ পায় ৭৩ শতাংশ নবজাতক (জাতীয়ভাবে ৪৩ শতাংশ)। শূন্য থেকে ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ানোর হারও অনেক বেশি (৮৮ শতাংশ)। পুষ্টিবিদেরা বলছেন, এসবই ইতিবাচক দিক। দেশের ৪২ হাজার পুষ্টিকেন্দ্রে ৪৮ হাজার পুষ্টিকর্মীর কাজের ফলে সচেতনতাও অনেক বেড়েছে। হঠাৎ করে এনএনপি বন্ধ হলে অগ্রগতির ধারা মারাত্মকভাবে ব্যাহত হবে।বেশ কিছু অনিয়মের অভিযোগ ছাড়াও এনএনপির কিছু দুর্বলতাও ছিল। খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, এনএনপি চালাত আমলা ও এনজিওরা। স্বাস্থ্য ও পুষ্টিবিদদের সংশ্লিষ্টতা কম ছিল। একটি ভাড়াবাড়িতে এর অফিস ছিল, এ ছাড়া সারা দেশে নিজস্ব কোনো অবকাঠামো ছিল না। স্বাস্থ্য কার্যক্রমের সঙ্গে এর কোনো কার্যকর সম্পর্কও ছিল না। তিনি জানান, আগামী জুন থেকে এনএনপি বন্ধ হয়ে যাবে। এর সম্পদের হিসাব ও সম্পদ হেফাজতে নেওয়ার জন্য তাঁকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছে।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান এস কে রায় বলেন, জাতীয় পুষ্টি কার্যক্রমের অনেক ত্রুটি ছিল। আর্থিক অনিয়ম, আমলাতান্ত্রিক জটিলতা, বেসরকারি উন্নয়ন সংস্থার জবাবদিহির অভাব ইত্যাদি। কিন্তু তার পরও শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো এবং ছয় মাস পর্যন্ত মাতৃদুগ্ধ খাওয়ানোর হার বৃদ্ধিতে এই কর্মসূচির বেশ কিছু সফলতা আছে। ভুলগুলো শুধরে একটি স্বতন্ত্র কর্মসূচির মাধ্যমে অপুষ্টি সমস্যা দূরীকরণের কাজটা এগিয়ে নেওয়া উচিত।