সরকারের ১৩ মাসে তিন হাজার ৫৭২ মামলা প্রত্যাহার
রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ কমিটির ১৪তম সভায় আজ মঙ্গলবার ৬৬৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলের ১৩ মাসে তিন হাজার ৫৭২টি মামলা প্রত্যাহার করা হলো।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আজকের বৈঠকে সভাপতিত্ব করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্র-সচিব আবদুস সোবহান শিকদার ও সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা।বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে দণ্ডবিধির বা অন্যান্য ধারায় করা ৬৬৩টি মামলা ও দুদকের করা ছয়টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। অপর ১০৯টি মামলা প্রত্যাহারের যোগ্য নয় বলে বাতিল করা হয়েছে।হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ কমিটির ১৪টি সভায় এ পর্যন্ত দণ্ডবিধির তিন হাজার ৩৪৩টি ও দুদকের ২২৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আজকের সভায় মামলা প্রত্যাহার করার জন্য সুপারিশ করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ড. কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, তানিয়া আমীর, বরিশালের মেয়র শওকত হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রশিকার কাজী ফারুক আহমেদ, সাংসদ আসাদুজ্জামান নূর, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাসিম প্রমুখ।