সরকারের ২৫০০ কোটি টাকার প্রণোদনা দাবি সুতাকল মালিকদের
তুলার দাম কমে যাওয়ায় সরকারের কাছে প্রায় ২৫০০ কোটি টাকা প্রণোদনা চেয়েছে সুতাকল মালিকেরা। বর্তমানে দেশীয় সুতায় তৈরি পোশাক রপ্তানির বিপরীতে সরকার শতকরা ৫ ভাগ নগদ সহায়তা দেয়। এ সহায়তা ১৫ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছে বস্ত্র খাতের বিভিন্ন সংগঠনের নেতারা।বেসরকারি এবিসি রেডিও সূত্রে জানা গেছে, আজ রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএর প্রতিনিধিদের এক বৈঠকে তাঁরা এ দাবি জানান।সংগঠনের নেতারা জানান, বর্তমানে আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমে গেছে। কিন্তু আগে বেশি দামে তুলা কিনে রাখায় এখন ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। ক্ষতি এড়াতে সেই সঙ্গে এই প্রণোদনা ২০১৫ সাল পর্যন্ত বহাল রাখারও দাবি জানান তাঁরা।বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, তাঁদের দাবি-দাওয়া সরকার বিবেচনা করবে। তবে ঈদের আগে এসব বিষয় বিবেচনা করা সম্ভব হবে না বলেও জানান মন্ত্রী।