সরকারের ‘উন্নয়ন প্রচারের’ দায়িত্বে জাসাস নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নয়ন কর্মকাণ্ড’ নিয়ে এবার দেশজুড়ে প্রচারে নামছে সরকার। আগামী মাসের মাঝামাঝি এই প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। সরকারের এই ‘উন্নয়ন কর্মকাণ্ড’ প্রচারের দায়িত্ব পেয়েছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতার প্রতিষ্ঠান আপন কমিউনিকেশনস।কিছুদিন আগে রাজধানীর বিলবোর্ডগুলো রাতারাতি দখলে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সরকার।এবার দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে অবশ্য সরকারের একটি পয়সাও খরচ হবে না। এ জন্য স্পনসর বা আর্থিক সহযোগী জোগাড় করবে আপন কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির মালিক জাসাসের ঢাকা মহানগর উত্তর কমিটির সহসভাপতি রুহুল আমিন ভূঁইয়া জানান, সরকারের এই ‘উন্নয়ন কর্মকাণ্ড’ প্রচারে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা পৃষ্ঠপোষকতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তাছির আহম্মেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের দায়িত্ব পেয়েছে আপন কমিউনিকেশনস। প্রচারে সরকার সরাসরি কোনো অর্থ ব্যয় করবে না। আপন কমিউনিকেশনস স্পনসর জোগাড় করে পুরো কর্মসূচি সফল করবে। তিনি বলেন, মাস পাঁচেক আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁরা কর্মসূচির কথা ঘোষণা করেন। চারটি প্রতিষ্ঠান আগ্রহ দেখায়। এদের মধ্যে আপনকে বেছে নেওয়া হয়।খোঁজ নিয়ে জানা গেছে, আপন কমিউনিকেশনসের মালিক রুহুল আমিন ভূঁইয়া ওরফে আরিফ জাসাসের ঢাকা মহানগর উত্তর কমিটির সহসভাপতি। জাসাসের কেন্দ্রীয় কমিটির এক প্রভাবশালী নেতা প্রথম আলোকে রুহুল আমিন ভূঁইয়ার পরিচয় নিশ্চিত করেছেন।সরকারের ‘উন্নয়ন কর্মকাণ্ড’ প্রচার সম্পর্কে রুহুল আমিন প্রথম আলোকে বলেন, তিনি পুরোদস্তুর ব্যবসায়ী। বইমেলা, বাণিজ্য মেলার কাজও তিনি পেয়েছিলেন। সেসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন। জানতে চাইলে জাসাসের সভাপতি এম এ মালেক প্রথম আলোকে বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য রুহুল আমিনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে তা কার্যকর হবে। এক প্রশ্নের জবাবে মালেক বলেন, আওয়ামী লীগের উন্নয়ন প্রচারের কাজ তিনি কীভাবে পেলেন, আওয়ামী লীগে যোগ দিয়েছেন কি না, সেটা আওয়ামী লীগই ভালো বলতে পারবে।কী হবে সেই প্রচার: সরকারি সূত্রগুলো বলছে, ক্ষমতাসীন মহাজোট সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের মূল আকর্ষণ হবে দেশের সাতটি রুটে ৮৪টি গাড়ির শোভাযাত্রা (রোড শো)। এটা শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। ঢাকার পাশাপাশি গোটা দেশে তিন দিনব্যাপী মেলা হবে। প্রতিটি মন্ত্রণালয়ের ‘সাফল্যগাথা’ এসব মেলায় তুলে ধরা হবে। পোস্টার, লিফলেট, বিলবোর্ডের মাধ্যমেও উন্নয়নের বার্তা প্রচার করা হবে। অনুষ্ঠিত হবে সেমিনার, সংবাদ সম্মেলন। প্রদর্শিত হবে তথ্যচিত্র।সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের সমগ্র পরিকল্পনায় উপদেষ্টা হিসেবে থাকছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই প্রচার সম্পর্কে তিনি বলেছেন, তাঁর মন্ত্রণালয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার শিগগিরই শুরু করবে। পরিকল্পিতভাবে এই কর্মসূচি তৈরি করা হয়েছে।কর্মসূচি সফল করতে তিনটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে তথ্যমন্ত্রী, তথ্যসচিব ছাড়াও থাকছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশ, ঢাকা সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, বিটিভি, বেতার, তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, শিল্পকলা একাডেমী, জেলা প্রশাসন, আপন কমিউনিকেশনসের প্রতিনিধি ও গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তারা। জেলা কমিটিতে উপদেষ্টা হিসেবে সাংসদেরা যুক্ত থাকবেন। এ ছাড়া অন্য জনপ্রতিনিধিদেরও যুক্ত করা হবে। এর বাইরে গণযোগাযোগ অধিদপ্তরও একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে।অগ্রগতি: গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা এই কর্মসূচির সামগ্রিক অগ্রগতি নিয়ে খুব একটা খুশি নন। দেড় বছর আগে অধিদপ্তর নিজেদের অর্থে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পরে পিছিয়ে আসে। এবার যে কর্মসূচিটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে সরকার নিজস্ব কোনো তহবিল থেকে টাকা খরচ করবে না। অনুষ্ঠানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আপনকে স্পনসর জোগাড় করে নিতে বলা হয়েছে। তথ্য মন্ত্রণালয় তথ্য, অনুষ্ঠানস্থল, নিরাপত্তা ইত্যাদি দিয়ে আপনকে সহযোগিতা করবে।রুহুল আমিন ভূঁইয়া বলেছেন, তাঁরা প্রস্তুত। প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলেই কাজটা চূড়ান্ত হবে।