সরগরম তাঁতবস্ত্রের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আর দিন দশেক বাকি। নগরের বিপণিবিতানগুলোতে এখন কেনাকাটার ব্যস্ততা পুরোদস্তুর; পাশাপাশি উৎসবের আমেজ নিয়ে চলছে মেলা। সুসজ্জিত তোরণ আর তাঁতবস্ত্রের সঙ্গে নানা পণ্যের পসরা। ক্রেতার উপস্থিতিও মন্দ নয়। মেলাগুলোও এখন সরগরম।দেশের ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র বিপণন এবং ক্রেতাদের কাছে জনপ্রিয় করে তুলতে তাঁত বোর্ড ঈদের আগে এ ধরনের মেলার আয়োজন শুরু করে। এরই ধারাবাহিকতায় এখন বিভিন্ন সংগঠন ‘দেশি তাঁতবস্ত্র মেলা’ নামে এসব মেলার আয়োজন করছে। দিনে দিনে মেলায় আঙ্গিক ও পণ্যেও পরিবর্তন এসেছে। তাঁতবস্ত্রের সঙ্গে রকমারি কারু ও হস্তশিল্পসামগ্রী, এমনকি তৈজসপত্রও উঠেছে মেলাগুলোতে। কয়েকটি মেলায় বিদেশি পোশাকও বিক্রি হচ্ছে।পুরান ঢাকা থেকে শুরু করে মিরপুর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অন্তত এক ডজন মেলা চলছে এখন। এর মধ্যে রয়েছে শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সামনে, মতিঝিলে টিঅ্যান্ডটি কলেজ মাঠে, আগারগাঁও তালতলায়, সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল মাঠে ও শ্যামলী ক্লাব মাঠে রয়েছে তাঁতবস্ত্র ও কারুপণ্যের মেলা। এ ছাড়া মেলা হচ্ছে মিরপুর ১০ নম্বর সেকশনে, উত্তরার আজমপুরে। গতকাল শনিবার বেশ কয়েকটি মেলায় ঘুরে দেখা গেল, ক্রেতাদের উপস্থিতি যথেষ্ট, বেচাকেনাও হচ্ছে কমবেশি।মেলায় নানা ধরনের পণ্যের সমাবেশ ঘটলেও তাঁতবস্ত্রই প্রধান। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা দেশি শাড়ির পসরা সাজিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিজাইনের ধরন ও কাপড়ের মান বিচারে শাড়ির দাম নির্ভর করে। সুতার দাম বেশি হওয়ায় এবার শাড়ির দাম খানিকটা চড়া। সুতি শাড়ি ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। সিল্ক বা জামদানি শাড়ির দাম ১৫০০ থেকে ২০০০০ টাকা পর্যন্ত। শাড়ি বা সালোয়ার-কামিজ যা-ই হোক না কেন, নকশায় মেশিন বা হ্যান্ড-এমব্রয়ডারিই বেশি জনপ্রিয়। মেলাগুলোতে এসবেরই প্রাধান্য।ঢাকার নাটক সরণি বা বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল চত্বরে চলছে জামদানি তাঁতবস্ত্র মেলা। পুরোনো শাড়ির দোকানগুলোর কারণে এ পাড়ায় এমনিতেই ক্রেতার ভিড়ভাট্টা লেগে থাকে। মেলাতেও পড়ছে তাদের পদধূলি। এখানে জামদানি ছাড়াও বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি, লুঙ্গি ও থানকাপড় পাওয়া যাচ্ছে।গতানুগতিক ঈদ মেলার খানিকটা ব্যতিক্রম লালমাটিয়ায় আয়োজিত অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেলা। কাননের অটিস্টিক শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্পসামগ্রী নিয়েই এ মেলা আয়োজন করা হয়েছে বলে জানান অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন রওনাক হাফিজ। মেলায় আনা হয়েছে শিক্ষার্থীদের তৈরি করা বাহারি ডিজাইনের ঈদকার্ড, মোমের তৈরি ঘর সাজানোর সামগ্রী, পুঁতির মালা, কানের দুল, চুড়ি, কাপড়ের তৈরি খেলনা, কার্ডহোল্ডার, ফুলদানি প্রভৃতি। এসবের পাশাপাশি ফ্রক, টি-শার্টের মতো কিছু পোশাক-আশাকও আছে।ছোট্ট পরিসরে মেলা বসেছে মতিঝিল এলাকায় ব্রাদার্স ক্লাব মাঠে। মাইকে গান বাজছে। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী পাপ্পু বলেন, ‘অফিসপাড়ার চাকুরেরাই এখানে প্রধান ক্রেতা। যাতায়াতের পথে তাঁরা মেলায় ঢুঁ দিয়ে যান। এখনো অফিসে ব্যবহারের উপযোগী হালকা কাজের পোশাকের চাহিদা বেশি।’মতিঝিল টিঅ্যান্ডটি কলেজ মাঠের মেলার রাঙামাটি হ্যান্ডিক্রাফটসের স্বত্বাধিকারী দীপাংশু কাঁকন জানান, সাধারণত ১৫ রোজার পর থেকেই মেলায় বেচাকেনা জমে ওঠে। সুতার দাম বাড়ায় কাপড়ের দামও বাড়াতে হয়েছে, তবু বিক্রি মন্দ নয়। বাসাবোর আমেনা বেগম সন্তানদের নিয়ে এই মেলায় এসেছিলেন কেনাকাটা করতে। তিনি বলেন, ‘মার্কেটগুলোর চেয়ে মেলায় কাপড়ের দাম কিছুটা হলেও কম। এ জন্যই মেলায় আসা।’ এখানে মেলার আয়োজন করেছে বাংলাদেশ উইভার্স কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এসব মেলা চলবে ঈদের আগের দিন পর্যন্ত।