সরগরম লালমনিরহাটের গ্রাম ও বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যার পর গ্রামের চায়ের দোকানে কথা বলছিলেন কয়েকজন। তাঁদের কেউ বসেছেন বেঞ্চে, কেউবা দাঁড়িয়ে। কাছে যেতেই বোঝা গেল, আলোচনার বিষয় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে লোকসমাগম।ইউপি নির্বাচন সামনে রেখে উত্তরের সীমান্ত জেলা লালমনিরহাটের প্রত্যন্ত গ্রাম শিবেরকুঠির চায়ের দোকানগুলো সন্ধ্যার পর এভাবে সরগরম হয়ে উঠছে। এবারের বিভিন্ন প্রার্থী এবং সদ্য সাবেক চেয়ারম্যান-মেম্বারদের কাজ নিয়ে আলোচনা। কাজ নিয়ে সবার মুখে ক্ষোভ, কষ্ট। গভীর রাতে ভাঙছে এ আড্ডা। এরপর বাড়ি ফেরেন কেউ কেউ, কেউবা প্রার্থীদের সঙ্গে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। শিবেরকুঠি গ্রাম জেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে। এটি কুলাঘাট ইউনিয়নে অবস্থিত।একই অবস্থা জেলার প্রায় সবখানে। প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। চেয়ারম্যান, সদস্য প্রার্থীরা ভোট প্রার্থনায় ছুটছেন বাড়ি বাড়ি। সর্বত্র উৎসবমুখর পরিবেশ।জেলার ৪৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে সদরের নয়টি ইউনিয়নে ১৯ জুন, আদিতমারীর সাতটি ইউনিয়নে ১৪ জুন, কালীগঞ্জের আটটি ইউনিয়নে ১১ জুন, হাতীবান্ধার ১২টি ইউনিয়নে ৭ জুন এবং পাটগ্রামের সাতটি ইউনিয়নে ৪ জুন ভোট গ্রহণ করা হবে।ইউপি নির্বাচন সামনে রেখে ভোটাররা মেলাচ্ছেন নানা হিসাব। সদ্য সাবেক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তাঁদের নানা অভিযোগ। চাল পাননি, গম পাননি, টিন পাননি, নির্বাচনের পর চেয়ারম্যান ও মেম্বারদের দেখা পাননি—এমন নানা অভিযোগ। আলাপকালে তাঁরা বললেন, ‘এখন আর মুখে অভিযোগ করে লাভ নেই। আমরা সাধারণ মানুষ। আমাদের শক্তি আমরা ভোটেই দেখাব।’জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বাজার পরিণত হয়েছে এ ইউনিয়নের প্রার্থীদের নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে। বাজারের দোকানে দোকানে কাপের পর কাপ ‘নির্বাচনী চা’ তৈরি হচ্ছে। দোকানে টেলিভিশন চলছে। বাইরে টানানো হয়েছে ব্যানার। প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর নির্ধারিত চায়ের দোকান রয়েছে। তাঁর সমর্থক ও কর্মীরা নির্ধারিত ওই দোকানে বসে থাকেন। আপ্যায়নের পাশাপাশি চলে প্রচার।ইউপি নির্বাচন প্রসঙ্গে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুন্নবী বলেন, ‘এটা দলীয় নির্বাচন নয়। তার পরও আওয়ামী লীগ বা বিএনপির সমর্থকেরা কোথায় ভোট দেবেন? এভাবেই ইউপি নির্বাচন দলীয় হয়ে যায়। তবে এটা ঘোষিত কিছু নয়। এ ছাড়া দলের বাইরে নির্বাচন কেউ ভাবতে পারে না।’কুলাঘাট ইউনিয়নের শিবেরকুঠি গ্রামের চায়ের দোকানে আড্ডারত ব্যক্তিদের একজন আশরাফ আলী বলেন, ‘চেয়ারম্যান-মেম্বাররা সবার স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থকেই বড় করে দেখেন। নির্বাচনের পর এ এলাকার মানুষ চেয়ারম্যানের দেখা পায়নি। এখন আবার বাড়ি বাড়ি আসতে শুরু করেছেন। দলের বাইরে এ ইউনিয়নে কোনো প্রার্থী নেই।’ কয়েকজন জানালেন, তাঁরা চান, দলীয় বিবেচনায় নয়, সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হোন।ওই গ্রামের কবির হোসেন বলেন, ‘দলীয় সমর্থন যে প্রার্থী পাবেন, তাঁকেই ভোট দেব।’ এর বিরোধিতা করে পাশে থাকা রেজাউল হক বলেন, ‘দল বুঝি না, যোগ্য প্রার্থীকে ভোট দেব। তবে রাজাকার কিংবা স্বাধীনতাবিরোধী কাউকে ভোট দেব না।’ মোজাম্মেল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক কষ্টে থাকি। চেয়ারম্যানের দেখা পাই না। কারও কথায় নয়, এবার ভেবেচিন্তে ভোট দেব।’আদিতমারীর সাপ্টিবাড়ী ইউনিয়নের ভোটার আশরাফুল আলম বলেন, ‘সাধারণ মানুষ সৎ ও যোগ্য লোককে ভোট দিতে চাইলেও পারেন না। নির্বাচনের আগে সব রাজনৈতিক দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। ভোটারদের কিছু করার থাকে না। অনেকে বাধ্য হয়ে ভোট দিতে যান।’জেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরের খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার, কালমাটিসহ কয়েকটি এলাকার ভোটাররা অভিযোগ করেন, এই দরিদ্র এলাকাগুলোর মানুষের পাশে দাঁড়ান না জনপ্রতিনিধিরা। নির্বাচন এলেই কেবল ভোট চান তাঁরা। খুনিয়াগাছ গ্রামের নজরুল ইসলাম ও সফিয়ার রহমান বলেন, ‘গ্রামের নির্বাচন বলে বাধ্য হয়ে ভোট দিতে যেতে হয়। না গেলে আবার সমস্যা দেখা দেবে। প্রার্থীরা অন্যভাবে দেখবেন। অনেকে হয়তো চাপে পড়ে ভোটকেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন না। হিসাব-নিকাশ করে আমরা আসলে যোগ্য প্রার্থী পাই না।’এ বিষয়ে খুনিয়াগাছ ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান আবদুল মালেক সরকার বলেন, ‘নির্বাচনের আগে এ ধরনের কথা উঠতে পারে। তবে আমাদের দিক থেকে কোনো ধরনের বৈষম্য করা হয় না। সরকার থেকে যেসব বরাদ্দ পাই, তা যথাযথভাবে বণ্টন করা হয়।’ ওই ইউপির সদস্য মোজাম্মেল হক বলেন, ‘দরিদ্র মানুষ অনেক, কিন্তু এদের জন্য বরাদ্দ দেওয়া হয় একেবারেই সীমিত।’পাটগ্রামের দহগ্রাম ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রামাণিক বলেন, ইউপি নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। কাজের মৌসুম হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। তা ছাড়া কোনো সমস্যা নেই।