সরছে বিভাজকের দোকান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিভাজকের টং দোকানগুলো বিপজ্জনক ছিল। কারণ, ক্রেতাদের সড়কের ওপর দাঁড়িয়ে কেনাকাটা করতে হতো। সড়কের মধ্যে থাকায় চলতিপথে প্রায়ই দুর্ঘটনায় পড়ত ক্রেতা-বিক্রেতারা।’ বলছিলেন ধোলাইখালের ব্যবসায়ী সামসুদ্দিন।ধোলাইখাল সড়কের বিভাজক থেকে টং দোকান উচ্ছেদ করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। বিভাজকে যাতে আর দোকান বসতে না পারে, সে ব্যবস্থাও করছে তারা। মূলত গত ৬ ফেব্রুয়ারি ‘ঢাকায় থাকি’ পাতায় ‘বিভাজকেও দোকান’ শিরোনামের প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। সেই প্রতিবেদনে তুলে ধরা হয়, ধোলাইখাল সড়কের ফুটপাত আর সড়ক বিভাজক দখল করে অবৈধ দোকানপাট বসানোয় এলাকাবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।প্রতিবেদনটি ডিসিসির দৃষ্টি কাড়ে। গত ফেব্রুয়ারি মাসেই ডিসিসির সম্পত্তি বিভাগ সড়ক বিভাজকের অবৈধ টং দোকানগুলো উচ্ছেদে নামে। কিন্তু দুই দফা উচ্ছেদের পরও আবার সেখানে বসে যান দোকানিরা।এবার ডিসিসির পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রতিকারের নতুন উপায়। সড়ক বিভাজকের লোহার বেষ্টনী তারা তুলে ফেলেছে। আর সেগুলোর প্রশস্ততাও কমিয়ে ফেলা হয়েছে। নতুন করে নির্মাণ করা শুরু হয়েছে বিভাজক।সড়ক বিভাজক ঘিরে বসানো দোকানগুলোর জন্য ধোলাইখাল সড়কে যানজট ছিল নিত্যসঙ্গী। এ সড়ক দিয়ে চলাচল করে বাহাদুর শাহ পার্ক-নারায়ণগঞ্জ রুটের বাস। আবার যাত্রাবাড়ী-সায়েদাবাদগামী হিউম্যান হলারের চলার পথও এটি। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়েই বিভাজক ও সড়কের একাংশে ভিড় করায় যানবাহন চালাতে হতো স্বাভাবিকের চেয়ে ধীরগতিতে।দেখা গেছে, ডিসিসি অঞ্চল ১-এর কর্মকর্তা-কর্মচারীরা সড়ক বিভাজকের সংস্কারের কাজ করছেন। সেখানকার নির্বাহী প্রকৌশলীর দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বিভাজকের সংস্কার আরও আগে করার পরিকল্পনা ছিল। কিন্তু অবৈধ দখলদার ছিল বলে তা বাস্তবায়ন করা যায়নি। এখন বিভাজকটির প্রশস্ততা কমিয়ে আনা হবে। বিভাজকে থাকা গাছগুলো থাকবে। কিন্তু কোনো লোহার বেষ্টনী রাখা হবে না।এ বিষয়ে রায়সাহেব বাজারের বাসিন্দা মোহাম্মদ হানিফ বলেন, লোহার বেষ্টনী থাকায় সহজেই টং দোকানিরা নিজেদের পণ্য নিয়ে বসতে পারতেন। বিভাজকে লোহার বেষ্টনী না থাকলে তাঁরা বসে সুবিধা করতে পারবেন না।