আশির দশকের প্রথমার্ধ। মফস্বলে শিক্ষাজীবনের প্রাথমিক পর্ব শেষ করে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর জীবনে প্রবেশ করা ছেলেটি নতুন জীবন ও জগতের সঙ্গে পরিচিত হতে হতেই কেটে গেল কয়েকটা মাস। শেষে হলে একটা সিট পেয়ে স্থিতজীবনে প্রবেশের পর শুরু হলো ডাইনিং হলে খাবার খাওয়া। পড়াশোনার চাপে কী খাচ্ছে, সেটা অনেক সময় মনে না থাকলেও মাঝেমধ্যেই মনটা তার হু হু করে উঠত মায়ের হাতে তৈরি গ্রামবাংলার বিভিন্ন ধরনের সামান্য সব খাবারের জন্য; যেগুলোর স্বাদ এই ডাইনিং তো দূরের কথা, রাজধানীর সেরা হোটেলগুলোও দিতে পারে না। উপায়হীন ছেলেটি তাই ছুটিছাটা পেলেই ছুট লাগাত বাড়িতে এবং চেটেপুটে খেয়ে আসত মায়ের তৈরি সেই সব সামান্য খাবার—ভাজি-ভর্তা নামে যেগুলোকে শনাক্ত করা হচ্ছে আবহমান কাল ধরে।তারপর একদিন ডাইনিংয়ের পাতলা ডাল আর মাছ কিংবা মাংসের নামে কী যেন সব খাবারের বিস্বাদে বিরক্ত ছেলেটিকে তারই এক বন্ধু জানাল, চানখাঁর পুল এলাকার একটি হোটেলের কথা। বন্ধু তাকে শুধু হোটেলটির কথাই জানাল না, একদিন ধরে নিয়েও গেল সেখানে। নাজিমউদ্দিন রোড দিয়ে কিছুটা এগোনোর পর জেলখানার দেয়াল যখন দিগন্তে ভেসে উঠেছে, ঠিক সেখানেই রাস্তার ডান পাশের ছোট্ট একটা রেস্তোরাঁয় গিয়ে ঢুকল তারা। ভিড়ভাট্টা খুব একটা নেই, রাতও হয়ে গেছে। ছোট্ট ওই রেস্তোরাঁয় কয়েকটা টেবিলে দেখা গেল তারই মতো কয়েকজন ছাত্র বসে খাচ্ছে রাতের খাবার। সঙ্গী বন্ধুটির সঙ্গে সেও গিয়ে বসল একটা টেবিলে এবং ওয়েটার এলে বন্ধুটি যখন ফরমায়েশ দিল ভাজি-ভর্তার, সে একটু চমকেই উঠেছিল। প্রথা বলে, হোটেল মানেই এমন সব খাবার, যা বাড়িতে নিয়মিত তৈরি হয় না এবং এসব খাবার সাধারণত গুরুপাকই হয়। অথচ বন্ধুটি ফরমায়েশ দিচ্ছে ভাজি-ভর্তার— ব্যাপারটা তো চমকেরই। কিছুক্ষণের মধ্যেই ভাতসহ বিভিন্ন ভাজি-ভর্তার ছোট ছোট প্লেটে যখন তাদের টেবিলটা ভরে উঠল, তখন ছেলেটির মন ভরে উঠল। শাকসবজি, আলুভর্তা, ডালভর্তা, শুঁটকি মাছ—কী নেই ওয়েটারের আনা খাবারগুলোর মধ্যে! এসব দেখে ছেলেটার মনে পড়ল বাড়ির কথা, মায়ের কথা; চোখ ফেটে জলও আসতে চাইল যান্ত্রিক রাজধানীর নির্লিপ্ত কাঠিন্যের মধ্যে অযাচিত এই ভিন্ন মমতার ছোঁয়ায়। নাজিমউদ্দিন রোডের ভিড়ভাট্টার মধ্যে নীরবে এই ভিন্নতার ছোঁয়া দিয়ে ছেলেটার মনকে দ্রবীভূত করল যে হোটেলটি, তার নামও নিরব। সেই থেকে ছেলেটা নিরবের ভক্ত।ছোট এক কামরার ওই নিরব হোটেল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের তো বটেই, স্বাদ পাল্টাতে ইচ্ছুক রাজধানীর যেকোনো এলাকার মানুষের কাছে শুরু থেকেই পৌঁছে দিত খাদ্য বিষয়ে এমন সব ভিন্নতা, যা সচরাচর দিতে পারে না অনেক নামী হোটেলও। অবশ্য আজকাল অনেক হোটেলেই ভাজি-ভর্তার চল হয়েছে। আশির দশকের শুরুর দিকে আমারও পরিচয় নিরব হোটেলের সঙ্গে। সেই পরিচয় এখনো অটুট। এবারের ভাষা দিবসে পুরোনো সেই পরিচয়টাকে একটু ঝালাই করে নিতে এবং নিরব কেমন আছে, সেটা জানতে গিয়েছিলাম ওই হোটেলটায়। নিরবের সঙ্গে প্রথম পরিচয়ে ভাজি-ভর্তার দেখা পেয়ে যে রকম চমকে উঠেছিলাম, এবারও ঠিক সেই রকম চমকে উঠলাম নিরবের ব্যাপক বিস্তৃত সরবতা দেখে। বছর পাঁচ-সাতেক আগে একবার নিরবে গিয়ে দেখেছিলাম, ছোট্ট সেই এক কামরার হোটেলটা সম্প্রসারিত হয়ে দোতলায় ছড়িয়ে পড়েছে। এবার দেখলাম, দোতলাটায় আসবাব-পত্রের দোকান, কিন্তু তিনতলায় নিরব ছড়িয়ে পড়েছে আরও বিস্তৃত হয়ে। এমনিতেই একুশে ফেব্রুয়ারির ভিড়, তারপর নিরবের সুখ্যাতিতে প্রভাবিত হয়ে খেতে আসা মানুষে ঠাসা হোটেলটায় বসার জন্য দাঁড়িয়ে থাকতে হলো বেশ কিছুক্ষণ। পেটে ক্ষুধা এবং স্থানাভাব এমনিতেই মনটাকে বিপর্যস্ত করে দিচ্ছিল, কিন্তু নিরবের খাবারের কথা মনে আসতেই সব ভুলে অপেক্ষা করলাম একটা টেবিল দখলের। তারপর বহুদিন পর আবার নিলাম নিরবের ভিন্নতার স্বাদ।নিরব হোটেল এখনো তার ভিন্নতাকে ধরে রেখেছে নিজস্ব বৈশিষ্ট্য হিসেবে এবং এই ভিন্নতার জন্যই নিরবের খাবার ঢাকার একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। হোটেলটার উল্টো দিকের হাসিনা মনিযলের প্রাচীনতার মতো নিরবও নিচতলায় এক কামরার পুরোনো হোটেলটাকে বহাল রেখেছে এবং জানিয়ে দিচ্ছে, তারও বয়স হয়েছে, অভিজ্ঞতা বেড়েছে এবং অভিজ্ঞতা সচরাচর যা করে, অর্থাৎ আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া। নিরব হোটেলও এগিয়ে যাচ্ছে সেই দিকেই। প্রিয় ভোজনরসিক, ১১৩/২ নাজিমউদ্দিন রোডে গিয়ে একবার চেখে দেখবেন কি, নিরব তার ঐতিহ্যে স্থিত কি না?