সরবরাহকারী ঋণের মহোৎসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশি সুদে কঠিন শর্তে ৭১ হাজার ৫৫৪ কোটি টাকা ঋণ নিতে চাইছে সরকার। আর এই সরবরাহকারী ঋণ বা সাপ্লায়ার্স ক্রেডিট নিতে ৪৫টি প্রকল্প বাছাই করা হয়েছে। এর মধ্যে কম গুরুত্বপূর্ণ প্রকল্পও রয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) প্রকল্পও এর মধ্যে আছে। আগামী তিন বছর ধরে চলবে সরবরাহকারী ঋণের এই মহোৎসব।দেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে এক হাজার ৭০ কোটি ডলার বা প্রায় ৭৩ হাজার কোটি টাকা। অব্যবহূত সাহায্য পড়ে রয়েছে ৮৮৪ কোটি ডলার বা প্রায় ৬১ হাজার কোটি টাকা। অথচ সরকার এখন বেশি উৎসাহ দেখাচ্ছে সরবরাহকৃত ঋণ নিতে। সাধারণত অতি গুরুত্বপূর্ণ যেসব প্রকল্পে কোনোভাবেই সহজ শর্তে ঋণ পাওয়া যায় না, সেসব ক্ষেত্রেই সরবরাহকারী ঋণ নেওয়া হয়। কেননা, এই ঋণের সুদের হার বেশি, কম সময়ে পরিশোধ করতে হয় এবং ঋণদাতা দেশ থেকেই প্রকল্পের যন্ত্রপাতি থেকে শুরু করে সব কিছু নিতে হয়। অনেক সময় নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে প্রকল্পের বাস্তবায়ন করা হয়। আবার এসব ক্ষেত্রে দুর্নীতির সুযোগও অনেক বেশি থাকে। সরকার আগামী তিন বছরে এসব ঋণই নিতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে পরিকল্পনা কমিশন অগ্রাধিকার ভিত্তিতে এই ঋণ নেওয়ার প্রস্তাব করে একটি অবস্থানপত্রও তৈরি করেছে। গতকাল বৃহস্পতিবার এই অবস্থানপত্র নিয়ে সব সদস্যের সঙ্গে বৈঠকও করেছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।২০০৬ সালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জারি করা সরবরাহকারী ঋণ-সম্পর্কিত একটি সুস্পষ্ট নীতিমালা আছে। নীতিমালায় বলা আছে, সাধারণত জনগুরুত্বপূর্ণ, উচ্চ অগ্রাধিকারমূলক, অপরিহার্য প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার বা সংশ্লিষ্ট সংস্থার নগদ অর্থ না থাকলে কিংবা বিকল্প কোনো নমনীয় শর্তে ঋণ না পাওয়া গেলে তবেই শুধু সরবরাহকারী ঋণ নেওয়ার কথা বিবেচনা করা হবে।অথচ প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে অনেকগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এক হাজার শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল বাস ও সিএনজিচালিত বাস সংগ্রহের মতো প্রকল্পও তালিকায় রয়েছে। আরও আছে রেলওয়ের লেভেল ক্রসিং গেট পুনর্বাসন ও মান উন্নয়ন, সিগন্যালিং ও ইন্টারলিংক ব্যবস্থার আধুনিকীকরণ, ড্রেজার, ক্রেনবোট, টাগ, ক্রু-হাউসবোট, অফিসার্স হাউসবোট সংগ্রহ, চট্টগ্রাম ওয়াসার লাইন পুনর্বাসন, পাইপলাইন বর্ধিতকরণ, পয়োনিষ্কাশন নালা নির্মাণ, নদী পুনরুদ্ধার, পাম্পস্টেশন, গুদামঘর নির্মাণের মতো প্রকল্প। এ ছাড়া আছে পিপিপির মাধ্যমে বাস্তবায়নের জন্য নির্ধারিত বিদ্যুৎ খাতের পাঁচটি প্রকল্প। এমনকি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্যও সরবরাহকারী ঋণ নেওয়ার প্রস্তাব উঠেছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমি সরবরাহকারী ঋণ নেওয়ার খুব একটা পক্ষে নই। খুব বেশি অপরিহার্য না হলে এই ঋণ নেওয়া উচিত নয়। এই ঋণ নেওয়ার শর্ত হলো ঋণ প্রদানকারী দেশ থেকে যন্ত্রপাতি কেনার বাধ্যবাধকতা থাকে। এতে যন্ত্রপাতি কিনতে বেশি অর্থ খরচ হয়। এ ছাড়া সুদের হার তুলনামূলক বেশি এবং ঋণ পরিশোধের মেয়াদও কম থাকে।’ পিপিপির অন্তর্ভুক্ত প্রকল্পে সরবরাহকারী ঋণ নেওয়া সম্পর্কে তিনি আরও জানান, পিপিপি প্রকল্পে এই ঋণ নেওয়ার কোনো দরকার নেই। কেননা বেসরকারি খাতের উদ্যোক্তারা বেশি দামে কোনো যন্ত্রপাতি কিনতে আগ্রহী হবেন না। জানা গেছে, মাস খানেক ধরেই সরবরাহকারী ঋণ নেওয়ার জন্য সরকারের মধ্যে তোড়জোড় শুরু হয়। সর্বশেষ গত ২ নভেম্বর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের কাছে আগামী তিন বছরে সরবরাহ ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে চিঠি দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চিঠিতে তিনি মত দেন, সরকারের এই মেয়াদে যেসব প্রকল্প গ্রহণের ইচ্ছা প্রকাশ করা হয়েছে, তাতে এই সময়ে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন খাত মিলিয়ে যে বিনিয়োগের প্রয়োজন, তার হিসাব অর্থ বিভাগে রয়েছে। এই হিসাবটি এখন মিলিয়ে দেখা হচ্ছে। এখন দেখতে হবে যে বিনিয়োগের জন্য কত সম্পদের ঘাটতি হতে যাচ্ছে। সেই অনুযায়ী আগামী তিন বছরের জন্য সরবরাহকারী ঋণ কত হতে পারে? অর্থমন্ত্রী চিঠিতে অভিমত দেন যে সরবরাহকারী ঋণ প্রথম দিকে করাই সুবিধা। কারণ এখন এই ঋণের সুদের হার খুবই কম।এই চিঠির পরিপ্রেক্ষিতে পরিকল্পনা কমিশন গত ২৫ নভেম্বর সব বিভাগকে আগামী তিন বছরের সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প এবং তা বাস্তবায়নের জন্য কী পরিমাণ সরবরাহকারী ঋণ প্রয়োজন হতে পারে, সে সম্পর্কে বিশদ বিবরণ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সময়সীমা বেঁধে দেওয়া হয় মাত্র চার দিন। পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগগুলোর দেওয়া বিবরণ অনুযায়ী কার্যক্রম বিভাগ একটি অবস্থানপত্র তৈরি করে। সেই অবস্থানপত্র পর্যালোচনা করতে গতকাল পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিকল্পনা কমিশনের সব সদস্য ও বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন। এ কে খন্দকার গতকাল সাংবাদিকদের বলেন, ‘সরবরাহকারী ঋণ নেব কি না, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে কী পরিমাণ সরবরাহকারী ঋণ প্রয়োজন হতে পারে, সে বিষয়ে বিবরণী তৈরি করা হয়েছে।’ তিনি বলেন, সরবরাহকারী ঋণ কোন দেশ থেকে নেওয়া হবে সে সিদ্ধান্তও পরে বিবেচনা করা হবে। সরবরাহকারী ঋণ নিতে প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু নির্মাণ, কর্ণফুলী নদীতে টানেল, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁও রোকেয়া সরণি পর্যন্ত টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিসির জন্য ৮০০ শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল প্যাসেঞ্জার কোচ এবং ২০০ সিএনজিচালিত হাইডিল্যাক্স বাস সংগ্রহ, ঈশ্বরদী ও উত্তরা ইপিজেডের সঙ্গে রেলসংযোগ লাইন, পদ্মা সেতু রেলওয়ে লিংক, ভাঙ্গা-বরিশাল পর্যন্ত ব্রডগেজ লাইন, পশ্চিমাঞ্চলের ১৪টি স্টেশন ও পূর্বাঞ্চলের চিনকি আস্তানা-চট্টগ্রাম সেকশনের ১১টি স্টেশনের সিগন্যালিং ও ইন্টারলিংক ব্যবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণ, ড্রেজার, ক্রেনবোট, টাগ, ক্রু-হাউসবোট, অফিসার্স হাউসবোটসহ অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহ, আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার নৌবন্দর স্থাপন, অভ্যন্তরীণ নৌপথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর স্থাপন, টেলিযোগাযোগ খাতে থ্রিজি প্রযুক্তি ও ২ দশমিক ৫ জি নেটওয়ার্ক সম্প্রসারণ, পাগলা/কেরানীগঞ্জ পানি শোধনাগার নির্মাণ, সিঙ্গাইর ও সাভারে ওয়েলফিল্ড নির্মাণ, চট্টগ্রাম ওয়াসার ভান্ডারজুরী পানি সরবরাহ, চট্টগ্রাম পয়োনিষ্কাশন পাইপলাইন পুনর্বাসন, শাহজালাল ফার্টিলাইজার কারখানা, ময়মনসিংহ-টাঙ্গাইল ভায়া ভালুকা ১৩২ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন নির্মাণ, নদী ড্রেজিংয়ের জন্য ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়, গড়াই নদী পুনরুদ্ধার, গোড়ান চটবাড়ীতে অতিরিক্ত পাম্পস্টেশন নির্মাণ এবং চট্টগ্রাম সাইলো এলাকায় এক লাখ মেট্রিক টন ধারণক্ষমতার ভার্টিক্যাল গ্রেইন সাইলো নির্মাণ। পিপিপির প্রকল্পগুলো হচ্ছে, সিরাজগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, খুলনা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, চট্টগ্রাম ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং সিদ্ধিরগঞ্জ ৩০০-৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট।