সরষের মধ্যেই ভুত!
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছপালা চুরি ও পর্যটকদের মালামাল ছিনতাইয়ের মতো ঘটনায় জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্যের আত্মীয়দের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া অধিকাংশ বনদস্যু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় গাছ চুরি প্রতিরোধে বন বিভাগ অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি এক অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে।লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম বলেন, ১২৫০ হেক্টর বনভূমি রক্ষা ও পাহারার কাজে হাতে গোনা কয়েকজন বনকর্মী রয়েছেন। এসব বনকর্মীর অস্ত্র বলতে আছে পুরনো আমলের নামমাত্র দুটি বন্দুক আর লাঠি। এত স্বল্প জনবল ও অস্ত্র নিয়ে এত বড় বন রক্ষা করা কষ্টকর। রেঞ্জ কর্মকর্তা আরও জানান, এখন আবার বনদস্যুরা মুখোশ পরে বনে প্রবেশ করে। সারা রাতই বনে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক বনকর্মী বলেন, বনদস্যুরাই বরং সংঘবদ্ধ। শতাধিক বনদস্যু মিলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চারিদিক থেকে ঘেরাও করে উদ্যানে ঢুকে গাছ কাটতে শুরু করে। অনুসন্ধানকালে বনের বাসিন্দা, বনকর্মী, পুলিশ ও উদ্যানের সহব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা যায়, সহব্যবস্থাপনা কমিটির প্রভাবশালী সদস্য ও কমলগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সিদ্দেক আলীর দুই ভাই ইয়াছিন ও পেশকার গাছ চুরির সঙ্গে জড়িত। গত বছরের ৩ ডিসেম্বর রাতে বনকর্মীরা গাছ কাটার সময় ইয়াছিনকে ধাওয়া করে গুলি ছোড়ে। ওই ঘটনায় ইয়াছিন ও তাঁর সহযোগীরা পালিয়ে গেলেও ফজুল ও ধানু নামের দুই বনদস্যুকে বনকর্মীরা আটক করতে সক্ষম হন। অপরদিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসা দেশি-বিদেশি পর্যটকেরা প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়ে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী হারাচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, সিদ্দেক আলীর ভাই বনদস্যু ইয়াছিন আলীর শ্যালক ইব্রাহীমের নেতৃত্বে একটি ছিনতাইকারী দলই এসব ঘটনা ঘটাচ্ছে। ৬ ডিসেম্বর সন্ধ্যায় ইব্রাহীমের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল এক মহিলা পর্যটকের কাছ থেকে নগদ অর্থ ও জিনিসপত্র ছিনিয়ে নেয়। পর্যটকসহায়ক পুলিশ ধাওয়া করে এ দলের উজ্জ্বল নামের একজনকে আটক করে থানায় দেয়। থানা সূত্রে জানা গেছে, ওই ছিনতাইকারী কমলগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সদস্য। পরে রাজনৈতিক চাপে থানা কর্তৃপক্ষ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে মৌলভীবাজার আদালতে পাঠায়। অনুসন্ধানে আরও জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানী গাঁওয়ের ছয়জনের একটি দল প্রতিদিন সন্ধ্যার পর ফুলবাড়ী চা-বাগানসংলগ্ন লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করে গাছ কাটে। কমলগঞ্জ সদর ইউনিয়নের রামপাশা গ্রামের পাঁচজনের, বালিগাঁও গ্রামে পাঁচ থেকে ছয়জনের, উজিরপুরে চারজনের, মাধবপুরের লঙ্গুরপারে তিনজনের, টিলাগাঁওয়ে তিনজনের সংঘবদ্ধ দল রয়েছে। এরা প্রতিদিন লাউয়াছড়া উদ্যানে ঢুকে মূল্যবান গাছ কেটে নিচ্ছে। এ চক্রের সদস্যরা আওয়ামী লীগ ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এর মাঝে বালিগাঁওয়ের বনদস্যু দলের নেতা ভুট্টো এক সময় কমলগঞ্জ থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পুলিশের সঙ্গে ভালো যোগাযোগের সুযোগ নিয়ে ভুট্টো এখন অন্যতম প্রভাবশালী বনদস্যু হয়ে গেছেন। তিনি সম্প্রতি প্রায় আট লাখ টাকা ব্যয়ে একটি নোহা মাইক্রোবাস কিনেছেন।এদিকে উদ্যানের সহব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দেক আলী মুঠোফোনে বলেন, আগে তাঁর ভাইয়েরা গাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এখন তাঁরা আর এ ব্যবসা করছেন না। আর ভাইয়ের শ্যালক ইব্রাহীমও আগে নানা অপকর্ম করতেন। বর্তমানে তিনিও ওসব ছেড়ে দিয়েছেন। পরে এ আওয়ামী লীগ নেতা সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন সদস্য জানান, সিদ্দেক আলীর ভাই ও ভাইয়ের শ্যালক গাছ চুরি ও ছিনতাই বাদ দেননি। তাঁরা এ পথ থেকে সরে এলে উদ্যানে গাছ চুরি ও ছিনতাই বন্ধ করা যাবে। উদ্যানের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান বলেন, বনদস্যু ও ছিনতাইকারী নিয়ে তারা বেশ সমস্যায় আছেন। তবে সিদ্দেক আলীর ভাই ও আত্মীয় গাছ চুরি ও ছিনতাই ঘটনায় জড়িত থাকা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে পরোক্ষভাবে বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তিনি সহায়তা করবেন। তিনি আরও বলেন, বনদস্যু বা দুর্বৃত্তদের কোনো দল নেই। তারা সুযোগ বুঝে দলের আশ্রয় নেয়। তাই এ ধরনের কাউকে পেলে বন বিভাগ ও পুলিশ কঠোর ব্যবস্থা নিতে পারে। এখানে কোনো রাজনৈতিক চাপ থাকবে না।