সরষের মধ্যেই ভূত
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সুভাষ সিংহ রায় ও শিক্ষিকা জান্নাত আরা হেনরী বলেছেন, সরষের মধ্যেই ভূত আছে। তাঁরা এ দুর্নীতির জন্য পরিচালনা পর্ষদকে নয়, ব্যবস্থাপনা পর্ষদকে দায়ী করেন। আজ বুধবার এ কেলেঙ্কারির ঘটনায় পরিচালনা পর্ষদের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় সুভাষ সিংহ সাংবাদিকদের বলেন, ‘পরিচালনা পর্ষদের কোনো দায় নেই, সব দায় ব্যবস্থাপনা পর্ষদের। সরকার শত্রুর সঙ্গে বসবাস করছে।’ তিনি জানান, যখনই হলমার্কের ঘটনা তাঁরা জানতে পেরেছেন,তখনই তাঁরা হলমার্কের আইবিপি (ইনল্যান্ড বিল পারচেজ) বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।অন্যদিকে জান্নাত আরা হেনরীও ব্যবস্থাপনা পর্ষদকে দায়ী করে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন। হলমার্ককে ঋণ দেওয়ার জন্য কোনো চাপ ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিক কোনো প্রভাব ছিল কিনা জানি না, তবে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা কোনো প্রভাব খাটাইনি।’এরপর জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় পর্ষদের আরেক সদস্য আইনজীবী সত্যেন্দ্র চন্দ্র ভক্ত বলেন, ‘হলমার্কের কিছুই আমাদের কাছে আসেনি। এটি পুরোপুরি ব্যাংক ব্যবস্থাপনার বিষয়। এলসি-বিষয়ক যাবতীয় জিনিস ব্যাংক অবশ্যই তাদের পরিচালনা পর্ষদের কাছে উপস্থাপন করে।’ তিনি আরও বলেন, ‘আমরা এর মধ্যে অডিট করেছিলাম। চেষ্টা করেছি দোষীদের চিহ্নিত করতে।’ তবে তিনি এ কথাও বলেন, ‘আমরা ইচ্ছে করলেই সবকিছু করতে পারি না।’এখনো আইআরডির অতিরিক্ত সচিব (সংযুক্ত) মো. সহিদ উল্লা মিয়া, সাংস্কৃতিক নেতা ও সাংবাদিক কাশেম হুমায়ুনকে জিজ্ঞাসাবাদ চলছে। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, হলমার্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রতিটি বক্তব্যের যাচাই শেষ করে যদি প্রয়োজন হয়, তবে আরও কাউকে জিজ্ঞাসা করা হতে পারে। দুদক সূত্র জানায়, প্রায় চার হাজার কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে মামলা দায়েরের আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সবাইকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় দুদক কমিশন। জিজ্ঞাসাবাদে কেলেঙ্কারির সঙ্গে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁদেরও হয়তো মামলার আসামি করা হবে।হলমার্ক গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্কই নিয়েছে দুই হাজার কোটি টাকার বেশি। অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে: প্যারাগন নিট কোম্পানি, খানজাহান আলী সোয়েটার্স লিমিটেড, ডি অ্যান্ড স্পোর্টস লিমিটেড, টি অ্যান্ড ব্রাদার্স লিমিটেড ও নকশি নিট লিমিটেড।হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় গতকাল পর্যন্ত সোনালী ব্যাংক, হলমার্ক ও ডি অ্যান্ড স্পোর্টসের মোট ৬৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীরও রয়েছেন।