সরস আনারস
আমাদের ষড়্ঋতুর দেশে প্রতি মৌসুমেই কিছু না কিছু নতুন ফল বাজারে থাকে। এসব মৌসুমি ফলের সবই যে খুব জনপ্রিয়, তা নয়। অনেক দেশি ফল জংলি বলেই পরিচিত। দেশের কোনো কোনো অঞ্চলে সেসব ফল পাওয়া যায়। এগুলোর বাণিজ্যিক চাষাবাদ হয় না। প্রতি মৌসুমেই বাণিজ্যিক চাষাবাদ হয়, এমন ফলের সংখ্যা একাধিক। বর্ষার শেষ ভাগে বাজারজুড়ে আসে যেসব মৌসুমি ফল, তার মধ্যে আনারস অন্যতম।আনারসকে এখন আর আমাদের দেশি ফল না বলে উপায় নেই। কারণ, এই উপমহাদেশে এর আগমন ষোড়শ শতকের মধ্যভাগে। বাংলাপিডিয়ার মতে, ১৫৪৮ সালে। ফলটিকে এখানে আনার কৃতিত্ব পর্তুগিজ বণিকদের। বাংলাদেশে আনারসের আগমনেরও ১০০ বছর পেরিয়ে গেছে। গত শতকের শুরুতে আসাম ও মণিপুর দিয়ে সিলেটে আনারসগাছের বিস্তার ঘটে। এর বৈজ্ঞানিক নাম Ananas sativus. ফলটির অত্যধিক রসের কারণে সম্ভবত ‘আনানাস’ বাঙালির মুখে মুখে ‘আনারস’-এ রূপান্তরিত হয়েছে।আনারসের আদি নিবাস নিয়ে মতপার্থক্য ঘোচেনি। প্যারাগুয়ে না ব্রাজিলে এর উৎপত্তি, তা নিশ্চিত হতে পারেননি উদ্ভিদ বিজ্ঞানীরা। ইউরোপে আনারসের আগমন ঘটেছিল কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সমসাময়িককালে। অম্ল-মধুর স্বাদ, চমৎকার ঘ্রাণ, প্রচুর রস ও পুষ্টিমানের জন্য আনারস সারা বিশ্বেই জনপ্রিয় ফলের তালিকায় উঠে এসেছে। এর মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জের আনারস অতি বিখ্যাত। বিশ্বে এখন এ ফলের ৮০টির বেশি জাতের বাণিজ্যিক চাষাবাদ হচ্ছে।আমাদের দেশে সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, নরসিংদী, ময়মনসিংহ, ভালুকা, মধুপুর, দিনাজপুর, পঞ্চগড় এলাকায় আনারসের পাঁচ থেকে ছয়টি জাতের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। এরমধ্যে প্রধান জাতগুলো হলো জায়েন্ট কিউ, হানিকুইন ও ঘোড়াশাল। কৃষি অধিদপ্তরের হিসেব অনুসারে আমাদের দেশে বর্তমানে ২০ হাজার হেক্টর জমিতে বাণিজ্যিক ভাবে আনারসের চাষাবাদ হচ্ছে। বার্ষিক গড় উৎপাদনের পরিমাণ প্রায় দুই লাখ মেট্রিক টন।এর মধ্যে জায়েন্ট কিউ জাতের আনারস আকারে বড়। এগুলোতেই বাজার ভরে থাকে। ঢাকায় এখন এগুলো প্রতি জোড়া খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। এ ছাড়া সিলেটের হানিকুইন জাতের জলঢুপি আনারস আকারে একটু ছোট হলেও স্বাদ খুব মিষ্টি। ঘোড়াশাল জাতের আনারস একটু টক স্বাদের। আনারসের পুষ্টিমান উচ্চ পর্যায়ের। এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ক্যারটিন, ক্যালসিয়ামসহ বিভিন্ন খাদ্য উপাদান রয়েছে। মে-জুন থেকে আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত আনারসের মৌসুম। এখন বাজারে আছে প্রচুর। প্রতিদিনের খাদ্যতালিকায় আনারস পুষ্টির অভাব মেটানোর পাশাপাশি রুচিতে বৈচিত্র্য আনবে।