সরাইলে আ.লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ খুন হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা সদরের স্থানীয় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কোন্দলের করণে কয়েক মাস ধরে উপজেলা আওয়ামী লীগের মধ্যে কোন্দল চলছিল। এর জেরে ১২ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নোয়াগাঁও ইউনিয়নের আইরল গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল হালিম লাঞ্ছিত হন। এরপর গতকাল শনিবার রাতে উপজেলা সদরে আবদুল হালিমের পক্ষের সমর্থক যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলীর সঙ্গে ইকবালের সমর্থক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন ও অরুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুর ইসলামের বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মহড়া দেন। আজ দিনভর উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছিল। সন্ধ্যার পর ইকবাল আজাদ উপজেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে গেলে ১৫-২০ জন যুবক তাঁর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ইকবাল দায়ের কোপ ও বল্লমের আঘাতে আহত হন। দলীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ১৯৭৪ সালের ডিসেম্বর মাসে ইকবালের বাবা ইউপি চেয়ারম্যান আবদুল খালেকও গুলিতে নিহত হয়েছিলেন।