সরাইলে আ.লীগের ৬ নেতার বাড়িতে অগ্নিসংযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সরাইল। ইকবালের সমর্থকেরা গতকাল সোমবার সকালে প্রতিপক্ষ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতা-কর্মীর ১১টি ঘর ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের মুরগির খামারে অগ্নিসংযোগ করে। ভাঙচুর করে ছয়জনের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান।হত্যাকাণ্ডের প্রতিবাদে ইকবালের সমর্থকেরা গতকাল সকালে সরাইলের কুট্টাপাড়া ও বিশ্বরোড মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। দেড় ঘণ্টা অবরোধে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।এদিকে ঘটনার পর থেকে সরাইল উপজেলা সদরে সব দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা সদরে পুলিশের পাশাপাশি র্যা ব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।গতকাল বাদ জোহর জেলা শহরের লোকনাথ ময়দানে ইকবালের জানাজা সম্পন্ন হয়। পরে তাঁকে ঢাকার বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।সমর্থকদের হামলা: এলাকাবাসীর ভাষ্যমতে, রোববার সন্ধ্যায় সরাইল সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিমের সমর্থকদের হাতে খুন হন ইকবাল। এরপর ইকবালের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার রাতে হত্যাকাণ্ডের পর তারা ব্রাহ্মণবাড়িয়া শহরে হালিমের বাড়ি ও সরাইলে একজনের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।গতকাল সকালে মাঠে নামে ইকবালের সমর্থকেরা। সকাল সাড়ে আটটার দিকে কয়েক শ ক্ষুব্ধ সমর্থক ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্টাপাড়া ও বিশ্বরোড মোড় এলাকায় অবস্থান নেয়। অন্যদিকে সমর্থকদের কয়েকটি দল প্রতিপক্ষের বাড়িতে হামলা শুরু করে। অগ্নিসংযোগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলীর তিনটি, তাঁর ভাই ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলীর তিনটি, ছিদ্দিক আলীর দুটি, ইউসুফ আলীর একটি, প্রতিবেশী আবদুল মতিনের একটি এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলীর একটি ঘর ভস্মীভূত হয়। ক্ষুব্ধ সমর্থকেরা সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরের মালিকাধীন মুরগির খামারও পুড়িয়ে দেয়। ভাঙচুর করে রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজার মিয়ার বাড়িঘর এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহফুজুর রহমানের বাবা, আওয়ামী লীগের সমর্থক আবদুল মোমেন ও উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আবদুল মজিদের ব্যবসাপ্রতিষ্ঠান।ক্ষতিগ্রস্তদের বক্তব্য: গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পোড়া ঘরবাড়ি আগলে বসে আছেন বাড়ির নারীরা। ইদ্রিস আলীর স্ত্রী রহিমা বেগম বলেন, ‘ইকবাল খুন হওয়ার পর আমাদের পরিবারের পুরুষ মানুষ কেউ ছিল না। সকাল সাড়ে নয়টার দিকে দেড় শ থেকে দুই শ মানুষ লাঠিসোঁটা নিয়ে বাড়িতে এসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন আমরা দূরে চলে যাই। এরপর প্রায় দুই ঘণ্টা লুটপাট হয়।’ইসমত আলীর স্ত্রী আনোয়ারা বেগম অভিযোগ করেন, ঘটনার সময় পুলিশ কাছেই ছিল। হামলা প্রতিহত করার কোনো চেষ্টাই তারা করেনি।ইকবালের বাসায় শোক: বিকেলে ইকবালের গ্রামের বাড়ি কুট্টাপাড়ায় গিয়ে দেখা যায়, তাঁর মা, বোনসহ আত্মীয়রা কাঁদছেন। বোন নূরজাহান বেগম বলেন, ‘ভাইয়ের প্রবাসী ছেলে দেশে আসার পর সরাইলে দ্বিতীয় জানাজা হবে এবং এলাকায় দাফন করা হবে।’মামলা: ইকবালের ছোট ভাই জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে গতকাল বিকেলে আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে সরাইল থানায় হত্যা মামলা করেছেন। প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিমকে। ২ নম্বর আসামি করা হয়েছে সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন: আবদুল জব্বার, মাহফুজ আলী, তাঁর দুই শ্যালক মোকারম আলী ও বাবু মিয়া, শ্বশুর ইসমত আলী ও চাচাশ্বশুর ইদ্রিস আলী এবং ছাত্রলীগের নেতা সিজার মিয়া।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, আসামিদের মধ্যে রোববার রাতে মোকারম আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর নতুন করে কাউকে গ্রেপ্তার করা যায়নি।আসামিদের বক্তব্য: প্রধান আসামি আবদুল হালিম বলেন, ‘আমি হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিক কারণে আমাকে অভিযুক্ত করা হচ্ছে।’রফিক উদ্দিন ঠাকুর বলেন, ‘বেশ কিছুদিন ধরে ইকবাল আজাদের সঙ্গে আমার কোনো বিরোধ ছিল না। এখন খুনের সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে। আমি অসুস্থ রাজনীতির প্রতিহিংসার শিকার।’যে কারণে খুন: ১৯৯০ সালের আগ পর্যন্ত ইকবাল ছিলেন অরাজনৈতিক ব্যক্তি। প্রথম শ্রেণীর ঠিকাদার হিসেবে সবাই তাঁকে চিনতেন। ১৯৯০ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন তিনি। অর্থশালী ও তুলনামূলক সজ্জন ব্যক্তি হিসেবে একশ্রেণীর মানুষের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তাঁকে ঘিরে সক্রিয় হয়ে ওঠে আওয়ামী লীগের একটি পক্ষ। অপর পক্ষের নেতৃত্ব দেন সভাপতি আবদুল হালিম। ২০০৩ সালের কমিটিতে ইকবালকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সভাপতি হিসেবে হালিমকে বহাল রাখা হয়। সাধারণ সম্পাদক করা হয় তাঁর সমর্থক রফিককে। আর ইকবালকে করা হয় জ্যেষ্ঠ সহসভাপতি। বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেননি ইকবাল ও তাঁর সমর্থকেরা। এ ঘটনায় হালিমের পক্ষের সঙ্গে তাঁর বিরোধ স্পষ্ট হয়।সরাইলের সাধারণ মানুষের ধারণা, শুধু দলীয় কোন্দলের বলি হয়েছেন ইকবাল। আওয়ামী লীগের সমর্থক আবদুল মালেক বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে মাঠপর্যায়ে কাজ করছিলেন ইকবাল। একই সঙ্গে হালিমও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে ছিলেন। এ নিয়ে তাঁদের দ্বন্দ্ব চরমে ওঠে। কিন্তু এ কারণে একজনকে পৃথিবী ছাড়তে হবে, তা ধারণার বাইরে ছিল।’আওয়ামী লীগের সমর্থক মোস্তফা আলী ঠাকুরের মতে, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের কমিটি গঠন নিয়ে হালিম ও ইকবালের বিরোধ চরমে ওঠে। হত্যার সঙ্গে এসব বিষয়ের যুগসূত্র থাকতে পারে।বাবার পথে ছেলে: স্বাধীনতার আগে থেকে ইকবাল আজাদের বাবা আবদুল খালেক ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। স্বাধীনতার পরও একই পদ ধরে রাখেন। আবদুল খালেক ছিলেন জনপ্রিয় জনপ্রতিনিধি। স্থানীয়ভাবে তিনি ছিলেন প্রভাবশালী ও ধনকুবের। প্রথম শ্রেণীর ঠিকাদার। তাঁর একক আধিপত্যে বিরক্ত হয়ে ১৯৭৪ সালের ১৬ ডিসেম্বর এলাকার একটি পক্ষ তাঁকে গ্রামে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। বাবা খুনের ৩৮ বছর পর একইভাবে খুন হলেন ইকবাল আজাদ।