নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয় আজ সোমবার সকালে আধ ঘণ্টা ঘেরাও করে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে তারা সরাইল-নাছিমনগর লাখাই সড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। আর এক ঘণ্টা অবরোধ করে রাখে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক। এলাকাবাসীর অভিযোগ, গত ৪৮ ঘণ্টার মধ্যে সরাইলে মাত্র চার ঘণ্টা বিদ্যুৎ ছিল। কিন্তু কর্তৃপক্ষ লোডশেডিংয়ের কোনো কারণ জানায়নি। এ ব্যাপারে স্থানীয় লোকজন বারবার সরাইল উপজেলার আবাসিক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম শেখের সঙ্গে যোগাযোগ করে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের দাবিতে আজ সকাল ১০টার দিকে দুই শতাধিক এলাকাবাসী উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। এ সময় আবাসিক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম শেখকে না পেয়ে তারা কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে। তারা ওই প্রকৌশলীর পদত্যাগও দাবি করে। পরে সাড়ে ১০টার দিকে তারা কার্যালয়ের সামনে থেকে সরে সরাইল-নাছিমনগর লাখাই সড়ক অবরোধ করে। ফলে আজ বেলা ১২টা পর্যন্ত প্রায় দেড়টা ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। এলাকাবাসী বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। বিদ্যুৎ সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলালউদ্দিনের আশ্বাসের ভিত্তিতে তারা অবরোধ তুলে নেয়। সরাইল উপজেলা চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুর আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।