সরাইলে এবার নৌকা ডুবি, নিখোঁজ ২
ঝড়ের কবলে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে পণ্য ও যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা যাত্রীদের মধ্যে দুজন নিখোঁজ রয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার অভিযান চলছিল।নিখোঁজ দুজন হলেন—মা রূপচান আক্তার (২৮) ও মেয়ে সুমাইয়া আক্তার (৬)। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আবদুল্লাহপুর গ্রামে।দুর্ঘটনায় বেঁচে যাওয়া রূপচানের স্বামী আবদুর রউফ জানান, ইঞ্জিনচালিত এ নৌকাটি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে ভৈরবে যাচ্ছিল। পথে সরাইলের চুনটা ইউনিয়নের তারাখলা গ্রামের কাছে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে নৌকা থাকায় ২৭ জন যাত্রীর মধ্যে ২৫ জন সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও ওই দুজন নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে ওই নৌকায় থাকা এক হাজার ৪০০ মণ ধানও নদীতে তলিয়ে যায়।সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।