সরাইলে ওসিসহ তিন পুলিশের বিরুদ্ধে মামলা
কৃষকের বাতান ঘর (হাওর বা বিল এলাকায় অস্থায়ীভাবে নির্মিত ঘর) পোড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা, উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ও কনস্টেবল মো. আবদুর সাত্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এ মামলা করা হয়।জমির মালিক সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের ছোট ভাই প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিবরণে জানা যায়, সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আজাদের কালীকচ্ছ মৌজায় কৃষি জমির ওপর নির্মিত একটি বাতান ঘর সরাইল থানার পুলিশ গত ২১ জানুয়ারি পুড়িয়ে দেয়। এর প্রতিকার চেয়ে তিনি গত ২৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন করেন। এত দিনেও কোনো প্রতিকার বা বিষয়টির ওপর কোনো তদন্ত না হওয়ায় আজ আদালতে মামলা দায়ের করেছেন।প্রত্যক্ষদর্শী কৃষক মো. হাবিবুর রহমান (৪৫) জানান, তিনি ওই জমির একজন বর্গাচাষি এবং পোড়ানো ঘরটি তিনি নির্মাণ করেন। ঘর পোড়ানোর আট-দশ দিন আগে সরাইল থানার পুলিশ ওই ঘরে সন্ধ্যার পরে ডাকাতেরা আশ্রয় নেয়, এ অভিযোগ এনে এটি সরিয়ে নিতে চাপ দেয়। তাদের কথামতো ঘরটি সরিয়ে না নেওয়ায় ওই দিন রাতে সাত-আটজন পুলিশ এসে ঘরটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং গালাগাল করে চলে যায়। এ সময় পুলিশ মিথ্যা মামলার হুমকিও দেয়। পোড়ানোর সময় ঘরটিতে কৃষকদের পাঁচ-ছয় বস্তা সার, খাবারসহ বেশকিছু কৃষি উপকরণ ছিল। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ওই কৃষক অভিযোগ করেন।ওসি সুভাষ চন্দ্র সাহা বলেন, ঘর পোড়ানোর সঙ্গে পুলিশ জড়িত নয়। এ ব্যাপারে তদন্ত চলছে। এটি হয়তো দুষ্কৃতকারীদের কাজ। মামলা সম্পর্কে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’এলাকাবাসীর অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ছয় কিলোমিটার হাওর এলাকায় প্রায় প্রতিদিনই পরিবহনে ডাকাতির ঘটনা ঘটছে। পুলিশ ডাকাতি রোধে তেমন কিছু করতে পারছে না। পুলিশের ধারণা সন্ধ্যার পর ওই সব বাতান ঘরে ডাকাতেরা আশ্রয় নিয়ে সুযোগ বুঝে সড়কে ডাকাতি করে।