সরাইলে গ্রামবাসীদের সংঘর্ষে আহত ৫০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে জেলা সদর হাসপাতালে ও দুজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিটঘর গ্রামের নবনির্বাচিত ইউপি সদস্য মো. ইজ্জত আলীর সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. মোবারক আলীর অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার দুপুরে ইজ্জত আলীর পক্ষের মামুন মিয়াকে মোবারক আলীরপক্ষের লোকজন মারধর করে। এ নিয়ে ওই দিন রাতেই একটি মামলা হয়। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১৫-২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। পরে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত। এ ব্যাপারে কোনো পক্ষই এখনো মামলা করেনি।