ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যার ঘটনায় এখনো ক্ষোভের আগুনে জ্বলছে উপজেলা সদর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতিতেও থামছে না জ্বালাও-পোড়াও ও ভাঙচুর। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উপজেলায় গতকাল মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালন করেন ব্যবসায়ীরা। বিকেলে মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা।উদ্ভূত পরিস্থিতিতে সরাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ ইউনিয়ন পর্যায়ের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার আসামি ২২ নেতা-কর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।গত রোববার সন্ধ্যায় উপজেলা সদরে দলীয় প্রতিপক্ষের বল্লমের আঘাতে খুন হন আওয়ামী লীগের নেতা ইকবাল আজাদ।আরও ১০টি ঘরে আগুন: গতকাল ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগে আওয়ামী লীগের নেতা ও কর্মীদের ১০টি ঘর ভস্মীভূত হয়েছে। গত সোমবার পুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের নেতাদের ছয়টি ঘর।গতকাল সকালে শতাধিক লোক মিছিল নিয়ে প্রথমে হামলা চালিয়ে আগুন দেয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আলীর অবশিষ্ট বসতঘরটিতে। এরপর পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলীর আধা পাকা বসতঘর। বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধরা পুড়িয়ে দেয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল জব্বারের বাড়ি। সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সহস্রাধিক লোক আগুন দেয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলীর বাড়িতে। আগুনে রফিক উদ্দিন ঠাকুর, তাঁর স্বজন ও সমর্থকদের মোট ছয়টি এবং মাহফুজ আলীর একটি ঘর ভস্মীভূত হয়। বিক্ষুব্ধরা সন্ধ্যায় গ্যাসের পাইপে আগুন ধরিয়ে দেয়। জেলা শহর থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে জনতা আটকে দেয়। এর আগে দুপুরে ভাঙচুর চালানো হয় যুবলীগ সমর্থক বাবু মিয়ার তৈরি পোশাক বিক্রির তালাবদ্ধ দোকানে। এ পরিস্থিতিতে অনেকে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে পণ্য সরিয়ে নিতে শুরু করেন। দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, রফিক উদ্দিন ঠাকুরের মালিকানাধীন প্রগতি বিপণিবিতানের ব্যবসায়ীরা প্রতিষ্ঠান থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন। জানতে চাইলে বিসমিল্লাহ ক্রোকারিজের স্বত্বাধিকারী আক্কাছ আলী বলেন, ‘কখন কী হয়, এই আতঙ্কে মালামাল সরিয়ে নিচ্ছি।’হরতালে জনদুর্ভোগ: বাজার কমিটির ডাকা অর্ধদিবস হরতালে গতকাল কোনো ব্যবসাপ্রতিষ্ঠান খোলেনি। বন্ধ ছিল উপজেলা পরিষদসহ সব প্রতিষ্ঠান। হরতালের কারণে বেশি বিপাকে পড়েন ব্যাংকের গ্রাহকেরা। বেলা ১১টার দিকে দেখা যায়, জনতা ব্যাংকের সামনে গ্রাহকদের দীর্ঘ সারি। গ্রাহক তাহমিনা বেগম বলেন, সামনে ঈদ। টাকার প্রয়োজন। কিন্তু হরতালের কারণে টাকা তোলা যাচ্ছে না।সমাবেশ থেকে বিচার দাবি: সকালে হরতালের সমর্থনে ব্যবসায়ীরা বকুলতলায় সমাবেশ করেন। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ থেকে ব্যবসায়ী নেতারা বলেন, ইকবাল আজাদ ব্যবসায়ীদের পরম বন্ধু ছিলেন। সরাইলের ব্যবসা-বাণিজ্য প্রসারে তাঁর ইতিবাচক ভূমিকা ছিল।আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত: ইকবাল আজাদকে হত্যার ঘটনায় সোমবার রাতে জেলা আওয়ামী লীগের জরুরি সভা হয়। দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এমদাদুল বারী সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিস্থিতি পর্যালোচনা করে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সব কার্যক্রম স্থগিত করা হয়। বহিষ্কার করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলীসহ এজহারভুক্ত ২২ নেতা-কর্মীকে। সভায় দলের জেলা নেতারাসহ সদর আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও পৌরসভার মেয়র হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। ইকবাল আজাদের শেষ বিদায়: ঢাকার বারডেম হাসপাতালের হিমঘর থেকে ইকবাল আজাদের মৃতদেহ নিজ গ্রাম সরাইলের কুট্টাপাড়ায় আনা হয় বেলা একটায়। মরদেহের সঙ্গে কানাডায় বিবিএ অধ্যয়নরত ছেলে ইফাজ ইকবালও আসেন। এ সময় উপজেলা সদরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নেতাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন হাজার হাজার নারী-পুরুষ। বাদ আসর জানাজা হয় কুট্টাপাড়ার প্রস্তাবিত স্টেডিয়ামে। স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খানসহ (বীর প্রতীক) অন্তত ২৫ হাজার লোক জানাজায় অংশ নেন। পরে ইকবাল আজাদের মৃতদেহ তাঁর গড়া হেলালিয়া হাফেজিয়া কারিয়ানা মাদ্রাসার পাশের কবরস্থানে দাফন করা হয়। বিকেলে মহাসড়ক অবরোধ: দাফন শেষে ইকবাল-সমর্থকেরা ঢাকা-সিলেটে মহাসড়ক অবরোধ করে। অবরোধকারীরা সরাইল থানার ওসির অপসারণ দাবি করে। অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ সুপার জামিল আহমেদ তদন্ত শেষে ওসির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।নতুন গ্রেপ্তার নেই: ঘটনার এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া মোকারম আলীকে গতকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে নতুন কোনো গ্রেপ্তার নেই। ওসি গিয়াস উদ্দিন বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।