সরাইলে দিঘি ইজারা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘টিঘর বড় দিঘি’ নামে একটি জলাশয়ের ইজারা নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দলের পাল্টাপাল্টি ঘণ্টাব্যাপী ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের ১১টি শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পাল্টাপাল্টি ধাওয়া চলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা পর্যায়ে একটি জলমহাল কমিটি আছ। এ কমিটি নির্ধারণ করে কোনো পুকুর বা দিঘি কাকে ইজারা দেওয়া হবে। তবে দিঘি ইজারা নিয়েই দুই পক্ষের মধ্যে আজ এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে চার শতাধিক লোক অংশ নেয়। পাল্টাপাল্টি ধাওয়ার আগে শতাধিক লোক ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তাঁর অপসারণ দাবি করে।সংঘর্ষের পরপরই উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুর এ ঘটনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে দায়ী করে স্থানীয় সাংবাদিকদের বলেন, তাঁর একক সিদ্ধান্তে একপক্ষকে দিঘি ইজারা দেওয়ায় এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ইউএনও হেলালউদ্দিন বলেন, ‘আমি উপজেলা জলমহাল কমিটির দেওয়া দায়িত্ব পালন করেছি। এককভাবে কোনো সিদ্ধান্ত নিইনি।’বর্তমানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান, ১১টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছেন।