সরাইলে দু পক্ষের সংঘর্ষ, শতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কওমি মাদ্রাসা ও সুন্নী অনুসারীদের মধ্যে আজ শনিবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষে একটি আলিয়া মাদ্রাসা ও একটি কওমি মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুন্নীপন্থীরা উপজেলা সদরের বড্ডাপাড়ায় রাহমাতুল্লিল আলীয়া মাদ্রাসায় আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করে। সভা শুরুর ঠিক আগ মুহূর্তে কওমিপন্থীরা বাধা দিলে এ সংঘর্ষের শুরু হয়।সুন্নীদের স্থানীয় প্রধান মাওলানা সাইদুল হক জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সকাল ১০টার দিকে উপজেলা সদরের বড্ডাপাড়ায় রাহমাতুল্লিল আলীয়া মাদ্রাসায় এক আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক। এ সভাকে প্রতিহত করতে আগে থেকেই ঘোষণা দিয়ে আসছিল কওমিপন্থীরা। সভা শুরুর ঠিক আগ মুহূর্তে কওমিপন্থীরা বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। চলে বেলা ১১টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০টি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।এর প্রতিবাদে সুন্নীপন্থীরা বারিউড়া বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে পুলিশ বেলা একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে দুপুর একটার দিকে উপজেলা সদরে সুন্নীপন্থীরা সমাবেশ করে। সেখান থেকে ফেরার পথে তারা ব্যাপারীপাড়ায় মাদ্রাসায় ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া যায়।বায়তুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফুর ইসলাম ও উপজেলা সদরের ব্যাপারীপাড়ার গ্রামের কওমি মাদ্রাসাপন্থী আরশ আলী জানান, উপজেলার রাহমাতুল্লিল আলীয়া মাদ্রাসা অনুসারী সুন্নীরা বায়তুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ভাঙচুর করে। একই সঙ্গে আরশ আলীর বাড়িতে ভাঙচুর করে নগদ এক লাখ ৩০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে সুন্নীরা। এ ঘটনায় স্থানীয় সাংসদের উন্ধন রয়েছে বলে তাদের অভিযোগ।এখন পর্যন্ত এই মাদ্রাসার পাঁচ ছাত্র নিখোঁজ রয়েছে বলে তারা জানায়।এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গনির নেতৃত্বে র্যাব ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।