সরাইলে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জের ধরে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০০টির বেশি রাবার বুলেট এবং ১০০টির বেশি টিয়ারশেল নিক্ষেপ করে। আজ শনিবার উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার অরুয়াইল বাজারে আধিপত্য বিস্তার নিয়ে গত দুই মাসে এ দুই ইউনিয়নবাসীর মধ্যে তিন দফা সংঘর্ষ হয়। এসব ঘটনা গ্রাম্য সালিসের মাধ্যমে শেষ করা হলেও রেশ থেকে যায়।এর জের ধরে আজ বেলা আড়াইটায় উভয় পক্ষের লোকজন দা-বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই ইউনিয়নের পাঁচ শতাধিক লোক অংশ নেয়। এতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান ও উপপরিদর্শক জাহাঙ্গীর আলমসহ উভয় পক্ষের শতাধিক নারী-পুরুষ আহত হয়। সরাইল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা, ১১১টি রাবার বুলেট ও ১৩০টি টিয়ারশেল নিক্ষেপ করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।